logo
youtube logotwitter logofacebook logo

নোয়াখালী

১৮ জেলায় মৃদু তাপপ্রবাহ, সব বিভাগেই বৃষ্টির আভাস - image

১৮ জেলায় মৃদু তাপপ্রবাহ, সব বিভাগেই বৃষ্টির আভাস

29 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ ১৮ জেলায় ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এছাড়া  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।পূর্বাভাসে বলা হয়, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরিবর্তী ৭২ ঘণ্টার অবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশে বৃষ্টি বা ব্রজবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিল ২৯, ২০২৩
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস - image

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

05 মে 2023, বিকাল 6:00

দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কি:মি: গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন স্থানের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরে এক নম্বর সতর্কতার সংকেতের তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয় যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামী তিন দিনে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

মে ০৫, ২০২৩
সারাদেশের ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে - image

সারাদেশের ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

07 মে 2023, বিকাল 6:00

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

মে ০৭, ২০২৩
সৃষ্টি হলো সেই লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রথম ধাপ! - image

সৃষ্টি হলো সেই লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রথম ধাপ!

07 মে 2023, বিকাল 6:00

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘মোখা’। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।লঘুচাপ ও ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে গত কয়েক দিন ধরে ভারত-বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সেই লঘুচাপ এখন সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (৯ মে) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়ছে। আজ তাপমাত্রা আরো বাড়তে পারে। দেশের বেশির ভাগ জায়গায় তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের এলাকার সংখ্যা সোমবার আরো বাড়তে পারে।’ সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ সম্পর্কে এই আবহাওয়াবিদ বলেন, ‘একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগে চারটি ধাপ পার হতে হয়—লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ। পঞ্চম বা শেষ ধাপে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এর জন্য বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হতে হবে।’ এদিকে, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ দুইটি আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে আজ ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, খুবই শক্তিশালী হবে ঘূর্ণিঝড় মোখা। এটি বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনা রয়েছে। তিনি লিখেছেন, আজ ৮ মে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে- সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে ১৪ মে রাত ১২টার পরে থেকে এবং আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে- ঘূর্ণিঝড় মোখা সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে ১৪ মে সকাল ৬টার পর থেকে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

মে ০৭, ২০২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ভূমিধসের শঙ্কা - image

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ভূমিধসের শঙ্কা

12 মে 2023, বিকাল 6:00

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ‘মোখা’র তাণ্ডব শুরু হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৮৯ মিলমিটার) বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।’ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার (১৪ মে) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

মে ১২, ২০২৩
৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত - image

৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত

17 মে 2023, বিকাল 6:00

দেশের ছয় জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।যেসব জেলায় ঝড় হতে পারে, সেগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।   এছাড়া শুক্রবারও (১৯ মে) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মে ১৭, ২০২৩
রাজধানীতে বাড়ছে গরম, তালমিলিয়ে চলছে লোডশেডিং - image

রাজধানীতে বাড়ছে গরম, তালমিলিয়ে চলছে লোডশেডিং

31 মে 2023, বিকাল 6:00

গত দুদিন ধরেই রাজধানীতে প্রচণ্ড গরম। এরমধ্যেই বুধবার (৩১ মে) রাত থেকেই বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পরপর চলছে লোডশেডিং। একে গরম তার উপর বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ মো: ওমর ফারুক সাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। টানা তিন দিন ধরে বয়ে চলা তাপপ্রবাহের কারণে গরমে জনজীবন অতিষ্ঠ। গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। কিন্তু জ্বালানির অভাবে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়াবিদেরা বলছেন, ৮ বা ৯ জুন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ জুন পর্যন্ত দেশের তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ পেয়েছে। একই সময়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) কম সরবরাহ পেয়েছে ৩৫০ মেগাওয়াটের মতো। দুই বিতরণ সংস্থা বলছে, চাহিদা ও সরবরাহের ঘাটতি সমন্বয় করতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। ঢাকা শহরে গতকাল গড়ে তিন ঘণ্টার বেশি লোডশেডিং করেছে দুই বিতরণ সংস্থা। এদিকে কয়লা সংকটে আগামী ৩ জুন পুরোপুরি উৎপাদন বন্ধ করে দিতে পারে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালীর পায়রা। এতে লোডশেডিং আরও বাড়তে পারে। গতকাল বিকেল চারটায় ডিপিডিসির বিদ্যুৎ চাহিদা ছিল ১ হাজার ৯০৫ মেগাওয়াট। চাহিদার চেয়ে ৩২৪ মেগাওয়াট কম সরবরাহ পেয়েছে তারা। আর একই সময়ে ডেসকোর চাহিদা ছিল ১ হাজার ২৭৯ মেগাওয়াট। তারা সরবরাহ কম পেয়েছে ১৭৯ মেগাওয়াট। মঙ্গলবারের চেয়ে বুধবার লোডশেডিং বেড়েছে চাহিদা বাড়ায়। আজ এটি আরও বাড়তে পারে।  

মে ৩১, ২০২৩
আরও তিনদিন চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে - image

আরও তিনদিন চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

02 জুন 2023, বিকাল 6:00

আগামী তিন দিনে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন স্থানে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। প্রচণ্ড গরমে কষ্টে রয়েছে প্রায় সারা দেশের মানুষ। এর মধ্যে চলছে লোডশেডিং। গরমে বাড়ছে মানুষের অসুস্থতা। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে এই তপ্ত পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও স্বল্প পরিসরে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হচ্ছে। তাপপ্রবাহ দূর করতে বিস্তৃত পরিসরে বৃষ্টি হতে আরও কিছুটা সময় লাগবে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। দিনাজপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। হাফিজুর রহমান আরও জানান, আগামী তিন দিনে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

জুন ০২, ২০২৩
মায়ের কবরের পাশে শায়িত হবেন সিরাজুল আলম খান - image

মায়ের কবরের পাশে শায়িত হবেন সিরাজুল আলম খান

09 জুন 2023, বিকাল 6:00

নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান। তার শেষ ইচ্ছা অনুযায়ী সেই প্রস্তুতি চলছে। শুক্রবার (৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী ও জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মন্টু। তিনি বলেন, সিরাজুল আলম খান তার শেষ ইচ্ছার কথা সবাইকে আগে থেকেই জানিয়ে গেছেন। তিনি বলেছিলেন, ‘আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে।’ নিহতের পরিবারিক সূত্র জানায়, শনিবার (১০ জুন) দুপুরের পর তার মরদেহ ঢাকা থেকে নোয়াখালী নেওয়া হবে। বিকেলে চৌমুহনী পাইলট স্কুল মাঠে জানাজা শেষে চৌমুহনী পৌরসভার আলীপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজুল আলম খান। গত ১ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সিরাজুল আলম খান ১৯৪১ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিরাজুল আলম খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৬ দফা দাবির সমর্থনে জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেন। সিরাজুল আলম খান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির সঙ্গে তার মতভেদ তৈরি হয় এবং তিনি ছাত্রলীগ থেকে সরে যান। পরবর্তীকালে তার অগ্রণী ভূমিকায় গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তবে দলটির নেতৃত্বে না আসলেও তার দিকনির্দেশনায়ই স্বাধীনতার পর জাসদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হতো।

জুন ০৯, ২০২৩
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি - image

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

11 জুন 2023, বিকাল 6:00

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর সোমবার বেলা ১১টার দিকে রাজধানীতে বৃষ্টিপাত শুরু হয়। তবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিন দিন তাপমাত্রা বাড়তে পারে। আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক (০১) নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ১১৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

জুন ১১, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo