logo
youtube logotwitter logofacebook logo

তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪৬ মরদেহ উদ্ধার - image

যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪৬ মরদেহ উদ্ধার

27 জুন 2022, বিকাল 6:00

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরও অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিদের খুব ক্লান্ত বলে মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছে, লরির মধ্যে ঠাসাঠাসি করে থাকার কারণে গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তারা। সান অ্যান্তোনিওতে এখন উষ্ণ আবহাওয়া বিরাজ করছে এবং সোমবার সেখানে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সান অ্যান্তোনিও ফায়ার ডিপার্টমেন্টের প্রধান চার্লস হুড বলেন, লরির মধ্যে কোনো পানির ব্যবস্থা কিংবা সেটি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না। তিনি বলেন, রেফ্রিজারেটেড লরি হলেও বোর্ডে ‌‘কোনো দৃশ্যমান কার্যকরী’ কুলিং ইউনিট ছিল না। কেএসএটি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি সান অ্যান্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল সংলগ্ন এলাকায় খুঁজে পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর থেকে গাড়ির চালক লাপাত্তা। সান অ্যান্তোনিওর পুলিশ কর্মকর্তারা তাকে ধরতে অভিযান শুরু করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। টেক্সাসের সান অ্যান্তোনিও শহর মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ এটি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে এতোগুলো মানুষ মারা গেলো তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। সূত্র: বিবিসি, রয়টার্স

জুন ২৭, ২০২২
পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন - image

পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন

16 জুলাই 2022, বিকাল 6:00

ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের দক্ষিণাঞ্চলে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। মালাগা ও কোস্টা ডে সোল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে। বাতাসের তীব্রতায় আরও দ্রুতবেগে ছড়াচ্ছে আগুন। দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী লড়ছে আগুন নিয়ন্ত্রণে। তবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাহাড়ি এলাকায় প্রবেশ। রোববার (১৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফ্রান্সের বোরডেক্সে ২৫ হাজার একর এলাকায় ছড়িয়েছে দাবানল। নিয়ন্ত্রণে লড়ছে ৩ হাজার দমকল কর্মী। গিরোন্ডি অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষকে। পর্তুগালে দাবানলের হটস্পট উত্তর পূর্বাঞ্চলীয় শহর পোর্তো। এরইমধ্যে পুড়ে গেছে ৭৫ হাজার একর এলাকা। উত্তরাঞ্চলে দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট। ভূমধ্যসাগরীয় এলাকার অন্যান্য দেশ ইতালি, গ্রিস, মরক্কোতেও ছড়িয়েছে আগুন। স্থানীয় সময় মঙ্গলবার থেকে পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। স্পেনের সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, উভয় দেশেই গরমে ৩৬০ জনের বেশি মানুষ মারা গেছে। ভূমধ্যসাগরের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে শুষ্ক পো উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। উত্তর মরক্কোতে, লারাচে, ওয়েজানে, তাজা এবং তেতুয়ান প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম খালি করা হয়েছে। কাসার এল কেবিরে একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফ্রান্সেও প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড উত্তাপ রয়েছে এবং আগামী সপ্তাহে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলাই ১৬, ২০২২
যুক্তরাজ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়াল,দাবানলে পুড়ছে ঘর - image

যুক্তরাজ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়াল,দাবানলে পুড়ছে ঘর

19 জুলাই 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লিংকনশায়ারের কনিংসবিতে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ৩৩টি জায়গায় তাপমাত্রা আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়। বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে দাবানল। দাবানল বেড়ে যাওয়ায় এটিকে ‘বড় ধরনের ঘটনা’ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। পূর্ব লন্ডনের ওয়েলিংটনে ঘরবাড়ি পুড়ে গেছে। তাপ নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী। অনেক বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তারা বিবিসিকে জানিয়েছেন, আটটি বাড়ি এবং একটি স্থানীয় গির্জা আগুনে পুড়েছে। ঘটনাস্থলে থাকা এক দমকলকর্মী বলেন, মনে হচ্ছে এটি সত্যিকারের নরক। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে অনেক জায়গাতেই রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।

জুলাই ১৯, ২০২২
তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল - image

তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল

14 এপ্রিল 2023, বিকাল 6:00

কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে আজ শনিবার একই রকম গরম অনুভূত হবে। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। তবে আকাশে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৬টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প পরিসরে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বড় পরিসরে ঝড়-বৃষ্টি শুরু হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

এপ্রিল ১৪, ২০২৩
চুয়াডাঙ্গায় নয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস দশা - image

চুয়াডাঙ্গায় নয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস দশা

14 এপ্রিল 2023, বিকাল 6:00

৯ বছরের রেকর্ড ভেঙে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। শনিবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে চরম বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যেতে চাচ্ছেন না।   ভ্যানচালক মুকুল মন্ডল বলেন, রোদের তেজে ভ্যান নিয়ে রাস্তায় যাওয়া যাচ্ছে না। ভাড়া নিয়ে বাইরে গেলে গায়ের চামড়া পুড়ের যাচ্ছে। ঘন ঘন পানি খেয়েও তেষ্টা মিটছে না। দিনমজুর সিনা বিশ্বাস বলেন, কাজ না করলে খাবার জুটছে না। আবার গরমের মধ্যে কাজে গেলে শরীর খারাপ হচ্ছে। গরীবের সব দিকেই অসুবিধা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ইতিমধ্যেই চুয়াডাঙ্গার তাপপ্রবাহ ৯ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এর আগে ২০১৪ সালে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত বছর ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ বছর ইতিমধ্যে (শুক্রবার) ৪১ দশমিক ৭ এবং শনিবার ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করা হলো।

এপ্রিল ১৪, ২০২৩
গরম নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস - image

গরম নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

15 এপ্রিল 2023, বিকাল 6:00

দুই সপ্তাহ ধরে দেশব্যাপী বইছে তাপপ্রবাহ। প্রতিদিনই একের পর এক রেকর্ড গড়ছে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলার তাপমাত্রা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণীকুল। এরমধ্যে তাপমাত্রা আরও বাড়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ রোববারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবারের মতোই গরম অনুভূত হবে আজ। আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সম্প্রতি বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। এদিকে গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ।১৯৭২ সালের ১৮ই রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় পরিস্থিতি এতটাই নাজুক যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে না করেছে প্রশাসন।রোদের তাপে গলছে সড়কের পিচ। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ফরিয়াদ করছেন মানুষ। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলিসয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালাচ্ছেন জেলা প্রশাসন। আরও এক সপ্তাহ এমন তাপদাহ থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এপ্রিল ১৫, ২০২৩
মার্কেটে সারারাত নিজস্ব লোক মোতায়েন রাখুন : ফায়ার সার্ভিস - image

মার্কেটে সারারাত নিজস্ব লোক মোতায়েন রাখুন : ফায়ার সার্ভিস

15 এপ্রিল 2023, বিকাল 6:00

দেশের শপিং মল ও মার্কেটগুলোতে সারারাত নিজস্ব লোক মোতায়েন করতে বলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার (১৬ এপ্রিল) রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিং মলের অগ্নিঝুঁকি নিরসন এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ফায়ারের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারারাত নিজস্ব লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাবে তা না, বর্তমানে দেশের তাপমাত্রা বেশি, যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্কেটের কোনও দাহ্য পদার্থে আগুন লাগে তারা প্রাথমিকভাবে আগুন নেভাতে কাজ করবে। এছাড়াও তিনি দেশের মার্কেটগুলোতে রাতে থেকে ধূমপান না করা, রান্না না করার নির্দেশনা দিয়েছেন। এর আগে শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এ বিপণিবিতানের তৃতীয় তলায় শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। বেশির ভাগই কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকার মতো হবে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে কেউ মারা না গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৪ কর্মীসহ ৩২ জন আহত হয়েছেন।

এপ্রিল ১৫, ২০২৩
ঢাকায় আজও গরম কমছে না, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা - image

ঢাকায় আজও গরম কমছে না, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

16 এপ্রিল 2023, বিকাল 6:00

আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ও ঢাকা বিভাগের বেশিভাগ জেলাগুলোতে তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে।মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ সকাল ৯টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীতে ছিল ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন। তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি। সর্বশেষ ১৯৬৫ সালের এপ্রিল মাসে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে ১৯৬০ সালের একই মাসে সর্বোচ্চ একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এপ্রিল ১৬, ২০২৩
প্রচণ্ড গরমে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - image

প্রচণ্ড গরমে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

16 এপ্রিল 2023, বিকাল 6:00

ভয়াবহ তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল রোববার এক ঘোষণায় জানান, আগামী সপ্তাহ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের। মমতা ব্যানার্জী বলেন, ‘গত কয়েকদিন থেকে বাচ্চারা স্কুল থেকে ফেরার পর মাথাব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কথা জানাচ্ছে।’ তিনি আরও বলেছেন, সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। মতা দেশটির একটি বাংলা নিউজ চ্যানেলকে বলেন, ‘আমি এই সময় প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানদেরকেও আহ্বান জানাবো এমন সিদ্ধান্ত অনুসরণ করতে।’ এই বিষয়ে শিগগিরই অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে বলে জানান তিনি।দেশটির এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

এপ্রিল ১৬, ২০২৩
আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায় - image

আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায়

17 এপ্রিল 2023, বিকাল 6:00

তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশ। একেক জায়গায় একেক দিন তাপমাত্রা রেকর্ড গড়ছে। গতকাল দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও ঢাকা তাপমাত্রা ছিল আগের মতই। আবহাওয়া অফিসের বলছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে মধ্য রাতের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। যার মধ্যে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া জেলায় ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সকল জেলা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৭, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo