logo
youtube logotwitter logofacebook logo

জিয়ান্নি

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন! - image

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন!

09 আগস্ট 2022, বিকাল 6:00

স্বাগতিক দলের ম্যাচ দিয়ে পর্দা উন্মোচিত হয় ফুটবল বিশ্বকাপের। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে এই রীতি চলে আসছে। তবে ২০২২ বিশ্বকাপের সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে খেলবে না স্বাগতিক কাতার। হোস্টদের প্রথম ম্যাচ খেলাতে একদিন এগিয়ে আসতে পারে আসন্ন ফুটবল মহাযজ্ঞ। খবরটি দিয়েছে আর্জেন্টাইন দৈনিক টিওআইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে। সূচি অনুসারে কাতার বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২১শে নভেম্বর। সেদিন চারটি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের দুই দল সেনেগাল-নেদারল্যান্ডস। স্থানীয় সময় দুপুর একটায় প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দু’দল সেনেগাল ও নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের অন্য দু’দল ইংল্যান্ড ও ইরান। আর দিনের চতুর্থ ম্যাচটি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হওয়ার কথা রয়েছে ‘এ’ গ্রুপের মধ্যকার দু’দলের ম্যাচটি। দিয়ারিও ওলের প্রতিবেদনে বলা হয়, নতুন সূচিতে একদিন এগিয়ে ২০শে নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এরপর ২১শে নভেম্বর দ্বিতীয় দিন বেলা ১১টায় খেলবে নেদারল্যান্ডস-সেনেগাল। বিশ্বকাপের বাকি ম্যাচের সূচি অপরিবর্তিত রাখা হবে বলে জানিয়েছে দিয়ারিও ওলে। বিশ্বকাপ একদিন এগিয়ে আসার সম্ভাবনা জাগলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওলের প্রতিবেদনে বলা হয়, সূচি পরিবর্তন করতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে ফিফা কাউন্সিল ব্যুরো গঠন করা হবে। ৬টি মহাদেশীয় সংস্থাগুলো হলোÑ উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি এবং ওএফসি।

আগস্ট ০৯, ২০২২
এবার আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ - image

এবার আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ

17 এপ্রিল 2023, বিকাল 6:00

ইন্দোনেশিয়ার পরিবর্তে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত  আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে বিষয়টি  নিশ্চিত করা হয়েছে। এর আগে বাছাইপর্বে বাদ পড়লেও এবার স্বাগতিক স্বত্ব পাওয়ায় ইন্দোনেশিয়ার পরিবর্তে সরাসরি বিশ্বকাপে খেলবে জুনিয়র মেসি-ডি মারিয়ারা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘ফিফা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে এ বছরের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ জয়ী দেশে এই ধরনের একটি আসর আয়োজন ভবিষ্যতের তরুণ ফুটবলাদের জন্য নিজেদের প্রমাণের অনেক বড় একটি সুযোগ তৈরি হবে।’ গত মাসে ইসরাইলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে ইন্দোনেশিয়ার স্বাগতিক স্বত্ব বাতিল করে ফিফা। বিকল্প স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা প্রথম থেকেই আগ্রহ দেখিয়ে আসছিল। গত সপ্তাহে ফিফার প্রতিনিধি দল আর্জেন্টিনার অবকাঠামো সুযোগ সুবিধা বিবেচনা করে স্বাগতিক হিসেবে তাদেরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী ২১ এপ্রিল জুরিখে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। সোমবার (১৭ এপ্রিল) ফিফার ঘোষণার আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে আর্জেন্টাইন সরকার। এ পর্যন্ত সবচেয়ে বেশি ৬ বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

এপ্রিল ১৭, ২০২৩
২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন - image

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

17 মে 2023, বিকাল 6:00

২০২৬ ফিফা বিশ্বকাপের আসর যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন দেশ -কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। গ্রেটেস্ট শো অন আর্থের সে আসরের লোগো উন্মোচন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার (১৭ মে) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের লোগো। লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি 'এল ফেনোমেনন' রোনাল্ডো নাজারিও। ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। কাতারেই শেষবারের মতো বসেছিল ৩২ দলের আসর। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। 'কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো বিশ্বকাপ, ২০২৬' থেকে আসর হবে ৪৮ দেশ নিয়ে। অর্থাৎ দেশের সংখ্যা বাড়ছে ১৬টি। ফলে বাড়বে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। যে কারণে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে। আয়োজনে কানাডা ও মেক্সিকো থাকলেও মূল আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র। আয়োজক যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে হবে বিশ্বকাপের খেলা। দুই সহআয়োজক মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি।' আরও বলেন, 'এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।' ট্রফিটির নিচে ২০২৬ বিশ্বকাপের বোল্ড ছাপ দেওয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের লোগোতে সোনালি ট্রফি ব্যবহার করা হয়েছে। যদিও অন্য আসরগুলোতে মূল ছবির পরিবর্তে অঙ্কিত কোনো ছবি ব্যবহার করা হতো। লোগোটিকে লাল, সাদা এবং নীল ঢালের বিপরীতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের লোগো নির্বাচনে গুরুত্ব দেয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে। পৃথিবীর ক্রমবর্ধবান ভোগবাদিতার বিপরীতে 'মিনিমালিস্ট' ধারণার প্রচারে খুবই সাদামাটা লোগো বেছে নিয়েছে ফিফা। যা খুব একটা পছন্দ হয়নি ফুটবলপ্রেমীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে লোগোটি নিয়ে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিরক্তিকর লোগো হিসেবে আখ্যা দিয়েছে তারা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৪৮ দলের বর্ধিত কলেবর হলেও ৪ দলের গ্রুপ নিয়েই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ। ১২টি গ্রুপে ৪৮টি দলকে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। আর প্রথমবারের মতো থাকবে রাউন্ড অব থার্টি-টু। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। এর সঙ্গে প্রতিটি গ্রুপে তৃতীয় দলগুলোর মধ্যে ৮টি দল রাউন্ড অব থার্টি-টুতে জায়গা পাবে। এরপর ৩২ দল নিয়ে হবে নক-আউট পর্ব, এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দলের সঙ্গে বাড়ছে ম্যাচ সংখ্যাও। ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে। যেখানে ম্যাচসংখ্যা হবে ৮০টি। বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে ভেন্যু হবে ১৬টি। আয়োজক দেশের মূল দায়িত্ব থাকছে যুক্তরাষ্ট্রের কাঁধে। তাদের সঙ্গে আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও আমেরিকার ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। যেখানে মেক্সিকোর ৩টি, আর কানাডার ২টি। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই আসরটি মাঠে গড়াবে।

মে ১৭, ২০২৩
পুরো ফুটবল বিশ্বে তোলপাড়, ভিনির পাশে সবাই - image

পুরো ফুটবল বিশ্বে তোলপাড়, ভিনির পাশে সবাই

22 মে 2023, বিকাল 6:00

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের আরো একটি হার। গত রোববার (২১ মে)  রাতে ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের হার রিয়াল মাদ্রিদকে পয়েন্ট তালিকার দুই থেকে ছিটকে ফেলেছে তিনে। রিয়ালকে টপকে দুই নম্বরে উঠে গেছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু রিয়ালের হারের দিনে ওসাসুনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো। তবে রিয়ালের হতাশার হার ছাপিয়ে ম্যাচে বড় হয়ে ওঠে ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবাদ প্রসঙ্গ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা আরো একবার বর্ণবাদের শিকার হয়েছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, বর্ণবাদের শিকার ভিনিসিয়াসকেই লালকার্ড দেখিয়েছেন রেফারি রিকার্ডো ডি বুরগোস! একদিকে বর্ণবাদের শিকার, অন্যদিকে সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ‘লালকার্ড’ প্রাপ্তি-ভিনিসিয়াসের ঘটনা নিয়ে পুরো ফুটবল দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এগিয়ে এসেছেন, ঘোষণা দিয়েছেন ভিনিয়য়াসের পাশে থাকার। ব্রাজিলের প্রেসিডেন্ট  লুলা ডি সিলভাও ভিনির পাশে দাঁড়িয়েছেন। শুধু ফিফা সভাপতি বা ব্রাজিলের প্রেসিডেন্ট নন, মেসি, নেইমার, এমবাপ্পে, কাইল ওয়াকার, বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজসহ বিশ্বের সাবেক-বর্তমানের অনেক তারকা ফুটবলারই ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন, অনুপ্রাণিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার। নেইমার-এমবাপ্পে টুইট করেছেন, ‘ভিনি তুমি একা নও।’  অবশ্য এক-দুই জন ভিনিসিয়াসের বিপক্ষেই দাঁড়িয়েছেন। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস যেমন কাঠগড়ায় তুলেছেন ভুক্তভোগী ভিনিকেই! স্প্যানিশ সমর্থকরা ভিনিসিয়াসকে বর্ণবাদী গালি দেওয়াটাকে যেন নিয়ম বানিয়ে ফেলেছে! এই মৌসুমেই প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অন্তত ৬ বার প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। পরশু তো শুধু ভ্যালেন্সিয়ার সমর্থকরা নন, ভিনিসিয়ুসকে তিতিবিরক্ত করার পথ বেছে নেন ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রাও। বল ধরলেই তাকে হয় কড়া ট্যাকল করেছে, নয়তো বর্ণবাদী গালি দিয়েছে! ওদিকে গ্যালারি থেকে বর্ণবাদী গালি তো উড়ে এসেছেই। কতই আর সহ্য করা যায়! মেজাজ হারিয়ে ভিনিও তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। ভিনিকে কেন্দ্র করে ঘটনার কারণেই ম্যাচে একাধিকবার ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছেন দুই দলের ফুটবলাররা। এক-দুই বার মৃদু হাতাহাতির ঘটনাও ঘটেছে। এই প্রতিবাদ করতে গিয়েই ম্যাচে দুই বার হলুদকার্ড পান ভিনি। যা মূলত লালকার্ড। ভিনি যখন লালকার্ড পেয়ে হতাশায়-কষ্টে গজগজ করতে করতে মাঠ ছাড়েন, ম্যাচে তখন যোগ করা সময়ের সপ্তম মিনিটের খেলা চলছিল। ম্যাচে তার পরও পুরো ১০ মিনিট খেলা চলেছে। মানে বার বার খেলা বন্ধ থাকায় ইনজুরি সময় দেওয়া হয়েছিল ১৭ মিনিট! ম্যাচ শেষে ভিনিসিয়াস সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশাল এক স্ট্যাটাসের মাধ্যমে মনের ক্ষোভ-দুঃখ-কষ্ট উপড়ে দিয়েছেন। সমস্ত ঘটনার জন্য তিনি দায়ী করেছেন লা লিগা কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশনকে। তিনি লিখেছেন, ‘এটাই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ লা লিগা কর্তৃপক্ষ, স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং দলগুলোও নিজেদের সমর্থকদের এমনটা করতে সাহস জোগায়! বলতে বাধ্য হচ্ছি, আজ স্পেন ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনির এই সমালোচনার জন্যই হয়তো তাকেই কাঠগড়ায় তুলেছেন লা লিগা সভাপতি তেবাসকে। ভিনির টুইটের জবাবে তেবাস পালটা টুইটে দাবি করেছেন, ভিনিসিয়াস বর্ণবাদ বিষয়ে তাদেরকে যথাযথ সহায়তা করছেন না। তেবাসের সেই টুইটের জবাবেও আবার পালটা টুইটে জবাব দিয়েছেন ভিনি।  

মে ২২, ২০২৩
ভিনিসিয়ুসের পাশে ফিফা সভাপতি - image

ভিনিসিয়ুসের পাশে ফিফা সভাপতি

22 মে 2023, বিকাল 6:00

সাম্প্রতিক সময় বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এবার যেন সীমা ছাড়িয়েছে লা লিগায় রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে। ভ্যালেন্সিয়ার সমর্থকরা একজোট হয়ে এমনভাবে কটাক্ষ করেছেন ভিনিসিয়ুসকে, মাঠের মধ্যেই কেঁদে ফেলেন ২২ বছরের তরুণ উইঙ্গার। ভিনিসিয়ুসের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ভিনিসিয়ুসকে রক্ষা করতে ও বর্ণবাদী আক্রমণ বন্ধ করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এবার ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো তাদের অবস্থান পরিষ্কার করলেন। ভিনিসিয়ুসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেছেন, ফুটবল বা সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। সোমবার এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ‘ভিনিসিয়ুসের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ফুটবল বা সমাজে বর্ণবাদের স্থান নেই। যেসব খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, ফিফা তাদের পাশে থাকবে। ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচের ঘটনাগুলো দেখাচ্ছে যে বিষয়টি এভাবেই হওয়া দরকার। যে কারণে ফিফা প্রতিযোগিতায় তিন–ধাপ প্রক্রিয়া চালু আছে, যা সব ধরনের ফুটবলে প্রচলনের পরামর্শও দেওয়া হয়েছে।’ ভ্যালেন্সিয়া-রিয়াল ম্যাচে কী করা যেতো, সেই ব্যাখ্যাও দিয়েছেন ইনফ্যান্তিনো, ‘প্রথমত, (বর্ণবাদের ঘটনায়) আপনি ম্যাচ বন্ধ করলেন, সেটা ঘোষণাও দিলেন। দ্বিতীয়ত, খেলোয়াড়েরা মাঠ ছাড়ল। স্পিকারে জানানো হলো যে আক্রমণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত করা হবে। এরপর ম্যাচ আবার শুরু হলো। তৃতীয়ত, যদি আক্রমণ অব্যাহত থাকে, ম্যাচ বন্ধ হয়ে যাবে এবং প্রতিপক্ষকে তিন পয়েন্ট দেওয়া হবে।’ বর্ণবাদ প্রতিরোধের পদক্ষেপ শিক্ষার মাধ্যমে হওয়ার দরকার বলে মনে করেন ইনফান্তিনো। এর আগে শুধু ব্রাজিল প্রেসিডেন্টই নন; আলাদাভাবে স্ট্যাটাস দিয়ে ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন পিএসজির কিলিয়ান এমবাপে, ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্ড ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

মে ২২, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo