logo
youtube logotwitter logofacebook logo

কন্যাসন্তান

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল - image

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

29 এপ্রিল 2023, 6:00 PM

চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গতকাল শনিবার তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করেন। এর পরপরই শুভেচ্ছায় ভেসেছেন এই জুটি। বেবিবাম্পের ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস লিখেছেন, ‘বাস্তব নাকি এআই?’ অর্জুন রামপালের বান্ধবী নিজেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সংশয় তৈরি করে দিয়েছেন। যদিও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা থেকে নেটিজেনরা। গ্যাব্রিয়েলার ইনস্টাগ্রাম পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কাজল আগরওয়াল ও তানিয়া ঘাভরি লিখেছেন, ‘মা তোমাকে ভালোবাসি’। অ্যামি জ্যাকসন লিখেছেন, ‘ওহ আমার প্রেমিকা!! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য আমি খুব আনন্দিত।’ এ ছাড়া মনিকা ডোগরা, অমৃতা অরোরা, প্রজ্ঞা কাপুরসহ সবাই তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলার সম্পর্কের কারণেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন অর্জুন। এর ঠিক পরপরই অর্জুন ও গ্যাব্রিয়েলার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক, যার বর্তমান বয়স ৩ বছর। যদিও তাঁদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও মায়রা ও মাহিকা নামে দুই কন্যাসন্তান রয়েছে অর্জুনের।

এপ্রিল ২৯, ২০২৩
একটা সময় আমি হতাশ হয়ে গিয়েছিলাম: পূর্ণিমা - image

একটা সময় আমি হতাশ হয়ে গিয়েছিলাম: পূর্ণিমা

20 মে 2023, 6:00 PM

অনিন্দ্য সুন্দরী পূর্ণিমা যেন ঢাকাই সিনেমার ইতিহাসে একটি সফল অধ্যায়ের নাম, যাকে ছাড়া চলচ্চিত্রের ইতিহাস ভাবাও যায়না। দুই যুগেরও বেশি অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। শুধু অভিনয়েই নয়, দর্শকদের মুগ্ধ করেছেন রূপে এবং গুণেও। পুরো নাম দিলারা হানিফ রীতা হলেও সবার কাছে তিনি পূর্ণিমা নামেই পরিচিত ও জনপ্রিয়। দিন যতই বাড়ছে ততই যেন তার রূপে আলো ছড়াচ্ছে। দেশের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্য দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় তার। সেই থেকে শুরু করে ক্যারিয়ারের ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী পার করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়। বর্তমানে তার অভিনীত ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে জীবন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞ আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ান, সাংবাদিকসহ দর্শকের প্রতি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই।’ ১৯৮৪ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করা পূর্ণিমার শৈশব সেখানে কাটলেও কৈশোরে চলে আসেন ঢাকায়। নবম শ্রেণিতে পড়াকালীন সময়ে নাম লেখান রূপালী পর্দায়। ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু তার। ১৭ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে ঢালিউডে অভিষেক ঘটে; যেটি মুক্তি পায় ১৯৯৮ সালে। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পেয়ে যান সেই সময়ের হার্টথ্রব রিয়াজকে। বাজিমাত করে বসেন প্রথম ছবি দিয়েই। ফটিকছড়ির রীতা একটু একটু করে হয়ে উঠেন আজকের পূর্ণিমা। পরিশ্রম, সাধনায় দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে।চলচ্চিত্রে আসার আগে ছোটবেলায় নাচগানের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। চলচ্চিত্রের দাপুটে সময়টাতেও তিনি কাজ করেছেন টিভি পর্দাতেও। সেখানেও সফল এ অভিনেত্রী। নায়িকাদের মধ্যে তার সময়ে চলচ্চিত্রের পাশাপাশি নাটক, টেলিফিল্মে দাপটের সাথে তাকে দেখা গেছে। এটিএন বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘লাল নীল বেগুনী’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।টিভি পর্দায় তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ল্যাবরেটরি, নীলিমার প্রান্তে, অমানিশা, ঐখানে যেও নাকো তুমি, এখনো ভালোবাসি, দুর্ঘট, যদি ভালো না লাগে তো দিও না মন, প্রেম অথবা দুঃস্বপ্নের রাতদিন, প্রতিহরণ, ম্যানিকুইন, রংবেরং, জলে ভাসা পদ্ম, ঘরের খবর পরের খবর, শঙ্খচিল, লাভ অ্যান্ড কোং, হলুদ রঙের বায়না, ১০১ লাভ ইমার্জেন্সি। নাটক, টেলিফিল্মের পাশাপাশি বিজ্ঞাপনেও ছড়িয়েছেন মুগ্ধতা। তার বিজ্ঞাপনের মধ্যে ছিল- গ্রামীণফোন, সিটিসেল, সানক্রেস্ট কোলা, বার্জার ঝিলিক, রাঙাপরী মেহেদি, মেরিল বেবি লোশন, কোহিনূর ডিটারজেন্ট, সুরেশ সরিষার তেল। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত-এর ‘ইত্যাদি’ থেকে উঠে আসা শিল্পী আকবর-এর জনপ্রিয় গান ‘হাত পাখার বাতাসে’র মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পায় পূর্ণিমা। মিউজিক ভিডিওর মধ্যে এটা সেসময় সবচেয়ে জনপ্রিয় ছিল। পূর্ণিমার চলচ্চিত্রজীবন সমৃদ্ধ। বাণিজ্যিক, সাহিত্যনির্ভর ছবিতে দেখিয়েছেন অসাধারণ প্রতিভা। সে সময়ে রিয়াজ, মান্না, ফেরদৌস, আমিন খান, শাকিল খান থেকে শুরু করে আজকের শাকিব খানের সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন এবং হয়েছেন সফলও। প্রত্যেকের সঙ্গেই গড়ে উঠেছে তার সফল জুটি তবে আমিন খান ও শাকিল খানের সঙ্গে সাফল্য পাননি খুব একটা। তবে রিয়াজ-পূর্ণিমাকে ঢালিউডের অন্যতম সেরা জনপ্রিয় জুটি বলা হয় এখন পর্যন্ত। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য ২০১০ সালে পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে দুইবার- মনের মাঝে তুমি (২০০৩), হৃদয়ের কথা (২০০৬) সিনেমা দিয়ে। ব্যক্তি জীবনে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তার কোলজুড়ে আসে এক কন্যাসন্তান; নাম আরশিয়া উমাইজা। সে সংসারে বনিবনা না হওয়ায় ২০১৯ সালে বিচ্ছেদ করেন এবং ২০২২ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিয়ে করেন তিনি।

মে ২০, ২০২৩
তানজিমকে সমর্থন করে দেওয়া পোস্ট মুছলেন মিরাজ - image

তানজিমকে সমর্থন করে দেওয়া পোস্ট মুছলেন মিরাজ

19 সেপ্টেম্বর 2023, 6:00 PM

তানজিম হাসান সাকিবের বিদ্বেষমূলক ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়ের ঠিক একই সময় তাকে সমর্থন করেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেই পোস্টে তানজিমের বিতর্কিত পোস্টকে ‘উপস্থাপনার ভুল’ বলে দাবি করেন তিনি। এই অলরাউন্ডার বলেছিলেন, এতে কোনো সমস্যা খুঁজে পাননি তিনি। তবে কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছে দেন মিরাজ। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নেয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না। সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভ কামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’ সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিম সাকিবের। তারপরই তানজিমের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। অবশেষে মঙ্গলবার তানজিম তার বিতর্কিত পোস্টগুলোর জন্য বিসিবির কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই সঙ্গে অঙ্গীকার করেন, ভবিষ্যতে এমন পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন তিনি।

সেপ্টেম্বর ১৯, ২০২৩
মিয়ানমারে ড্রোন হামলায় বহু রোহিঙ্গা নিহত - image

মিয়ানমারে ড্রোন হামলায় বহু রোহিঙ্গা নিহত

10 আগস্ট 2024, 6:00 PM

মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর চেষ্টারত রোহিঙ্গা নাগরিকদের ওপর ড্রোন হামলায় শিশুসহ বহু লোক নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, স্তূপ হয়ে পড়ে থাকা মরদেহ ও আহতদের ভিড় থেকে নিজের স্বজনদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন। খবর রয়টার্সের। চারজন প্রত্যক্ষদর্শী, অধিকার কর্মী ও একজন কূটনীতিক জানিয়েছেন, গত সোমবার (৫ আগস্ট) এই ড্রোন হামলা চালানো হয় রাখাইন রাজ্যে বাংলাদেশের সঙ্গে লাগোয়া সীমান্তে। এখানে রোহিঙ্গা পরিবারগুলো সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। বার্তা সংস্থা রয়টার্স গতকাল শনিবার (১০ আগস্ট) এই প্রতিবেদন প্রকাশ করে। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলতে থাকা সংঘাতের মধ্যেই রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার এই ঘটনা ঘটল। এই হামলায় একজন গর্ভবতী মা ও তার দুই বছরের কন্যাসন্তানসহ নিহত হয়েছেন। গত শুক্রবার তিনজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী বাহিনীটি। অন্যদিকে, মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলো একে অপরের ওপর দোষ চাপিয়েছে। তবে রয়টার্স ঠিক কতজন লোক ওই হামলায় মারা গেছে, তা যাচাই করে দেখতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাটিতে কাদার মধ্যে পড়ে আছে মৃতদেহের স্তূপ, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্যুটকেস, ব্যাগপ্যাকসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বেঁচে যাওয়া লোকজন জানিয়েছে, তারা প্রায় ২০০ দেহ পড়ে থাকতে দেখেছেন। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন। রয়টার্স যাচাই করে দেখেছে, ভিডিওটি ধারণ করা হয়েছে মিয়ানমারের উপকূলবর্তী মংডু শহর থেকে। তবে তারা তারিখ যাচাই করে দেখতে পারেনি।

আগস্ট ১০, ২০২৪
বাবা হয়েছেন জুলাই বিপ্লবে শহীদ ছাত্রদল নেতা রাব্বি - image

বাবা হয়েছেন জুলাই বিপ্লবে শহীদ ছাত্রদল নেতা রাব্বি

11 ডিসেম্বর 2024, 6:00 PM

মাগুরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে গতকাল বুধবার মধ্যরাতে গৃহবধূ রুমি খাতুন একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু হাসপাতালজুড়ে সেই আনন্দ মুহূর্তে যেন তীব্র বেদনার স্মারক হয়ে ওঠে। এই নবজাতককে কোলে নিয়ে কতই না খুশি হতেন তার বাবা মেহেদী হাসান রাব্বি। কিন্তু তিনি আজ আর নেই। চার মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। রাব্বির স্বজন শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মা ও কন্যা দুজনই ভালো আছে বলে চিকিৎসক জানিয়েছেন। গত আগস্ট মাসে রুমি খাতুন তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী হারানোর শোক নিয়ে সে সময় তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। কিন্তু দীর্ঘ চার মাস পর সন্তানের মুখ দেখে তাঁর মুখে ছিল বেদনা ও আনন্দের মিশ্রণ। মেহেদী হাসান রাব্বি মাগুরা পারনান্দুয়ালীসংলগ্ন বরুনাতৈল এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাগুরা পারনান্দুয়ালী উপশহরের ব্রিজ এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় নিহত রাব্বির ভাই ইউনিস আলী ১৩ আগস্ট মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় মাগুরা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ নেতাদেরসহ ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। তবে দীর্ঘ চার মাসেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

ডিসেম্বর ১১, ২০২৪
যে শর্তে বিয়ে করবেন সুস্মিতা সেন! - image

যে শর্তে বিয়ে করবেন সুস্মিতা সেন!

25 ফেব্রুয়ারি 2025, 6:00 PM

সিনেমা জগতের তারকাদের প্রেম ও বিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও এর ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিয়ে না করার কারণ এবং বিয়ের ক্ষেত্রে তাঁর শর্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন। মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছানো সুস্মিতা সেন বরাবরই ব্যক্তিত্ব ও স্বাধীনচেতা মনোভাবের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন নিয়েও কখনো রাখঢাক করেননি। অল্প বয়সেই দুই কন্যাসন্তান দত্তক নিয়ে মাতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তবে বিয়ের ব্যাপারে তিনি এখনো অপেক্ষায়। এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, "আমি অবশ্যই বিয়ে করতে চাই, তবে এমন একজনকে খুঁজে পেতে হবে, যার সঙ্গে সত্যিকারের মানসিক সংযোগ হবে। বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এটি মনের সম্পর্ক। সেই বিশেষ মানুষকে খুঁজে পেলেই বিয়ে করব।" তিনি মজার ছলেই আরও যোগ করেন, "আমার চাহিদার তালিকাটি বেশ লম্বা! যেদিন সেই তালিকার সঙ্গে মিলে যাবে, সেদিনই বিয়ে করে ফেলব। তার আগে এভাবেই বেশ ভালো আছি!"

ফেব্রুয়ারি ২৫, ২০২৫
মেয়ের মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি - image

মেয়ের মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি

15 জুলাই 2025, 6:00 PM

বিয়ের দুবছরের মাথায় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সন্তানের মা-বাবা হয়েছেন তারা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এর আগে গত শনিবার শেষবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখানে তাদের ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন পাপারাজ্জিরা। তবে বরাবরই সাবধনতার সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন সিদ্ধার্থ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। আর চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান। তারপর থেকেই তাদের প্রথম সন্তান জন্মের খবরের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবর আসে। জানা গেছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। প্রসঙ্গত, বিয়ের পরও নিয়মিত কাজে দেখা গেছে সিদ্ধার্থ-কিয়ারাকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নেন তারা। মাতৃত্বের এই অধ্যায় অবশ্য উপভোগ করেছেন কিয়ারা। এবার দুই থেকে তিন হলেন। এ খবর প্রকাশ্যে আসতেই এখন সবার শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।   এমি/এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৫
৬১ বছর বয়সে পুত্রসন্তানের বাবা হলেন জেমস - image

৬১ বছর বয়সে পুত্রসন্তানের বাবা হলেন জেমস

23 অক্টোবর 2025, 4:46 PM

নগর বাউলখ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। ৬১ বছর বয়সে আবারো পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। তার স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন। চলতি বছরের জুন মাসে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের প্রথম দেখা হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের একটি হাসপাতালে জিবরানের জন্ম হয়। সন্তান জন্মের সময় জেমস ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়ে তারা দেশে ফেরেন।এদিকে নবজাতকের বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। পাশাপাশি, তিনি সবার কাছে মা ও নবজাতকের জন্য দোয়া চেয়েছেন। এর আগে ব্যক্তিজীবনে জেমস দুবার বিয়ে করেছেন। প্রথম সংসার থেকে জেমসের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় সংসারে রয়েছে আরেকটি কন্যাসন্তান। সব মিলিয়ে তিনি এখন চার সন্তানের জনক। নতুন সন্তান জিবরানের আগমনে তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।/টিএ 

অক্টোবর ২৩, ২০২৫
‘সম্পর্ক’ নিয়ে এবার মুখ খুললেন কোয়েল - image

‘সম্পর্ক’ নিয়ে এবার মুখ খুললেন কোয়েল

09 নভেম্বর 2025, 3:45 PM

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই বাস্তবধর্মী ভাবনায় অনন্য। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ না খুললেও এবার ভাঙলেন সেই নীরবতা। এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করলেন ‘সম্পর্ক ও ভালোবাসা টিকিয়ে রাখার কৌশল’ নিয়ে- যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সম্পর্ক কোনো ইনস্ট্যান্ট নুডলস নয় যে, দুই মিনিটেই তৈরি হয়ে যাবে। সব মুহূর্তই সুখের হবে না- এটা বুঝতে শিখতে হবে। সম্পর্ক মানে হলো একটা প্রতিশ্রুতি, একটা দায়িত্ববোধ, যেখানে সততা আর সম্মান থাকে।’তিনি উদাহরণ টেনে আরও বলেন, ‘আজ এই জামাটা ভালো লাগছে না, কাল অন্যটা পরব- সম্পর্ক বিষয়টা তেমন নয়। আমি হয়তো একটু পুরোনো ধাঁচের, কিন্তু আমি ভালোবাসায় স্থায়িত্ব আর গভীরতা খুঁজে পাই।’কোয়েলের এই বক্তব্য প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন- ‘আজকের প্রজন্মের জন্য এই কথাগুলো একদম প্রয়োজনীয়।’কেউ কেউ বলেছেন, ‘কোয়েল শুধু অভিনেত্রী নন, তিনি একজন বাস্তব অনুপ্রেরণা।’২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। বিয়ের সাত বছর পর, ২০২০ সালের ৫ মে, দম্পতির ঘরে আসে প্রথম সন্তান পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর জন্ম নেয় তাদের কন্যাসন্তান, যার পরিপূর্ণতা এনে দিয়েছে কোয়েল-নিসপালের সংসারে।/টিএ 

নভেম্বর ০৯, ২০২৫
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা - image

ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা

06 জুলাই 2026, 6:00 PM

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিলের ম্যাচ হেরে যাওয়ার পর চরম হতাশায় রতন (১৯) নামের এক ফুটবল সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার  কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাত্র দুই মাস বয়সী কন্যাসন্তানের জনক এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত রতন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রতনের ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসী জানান, রতন অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্রাজিল ফুটবল দলের অন্ধ ভক্ত ছিলেন। সম্প্রতি একটি ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই তিনি চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন।কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী এই ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। তবে কয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন জানান, যুবকের আত্মহত্যার খবর তিনি শুনেছেন, কিন্তু সেটি কেবল ফুটবল দলের পরাজয়ের কারণেই কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় পুলিশ মরদেহটি দাফনের অনুমতি প্রদান করেছে।

জুলাই ০৬, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo