logo
youtube logotwitter logofacebook logo

এইচএসসি

পেছানো এইচএসসি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন - image

পেছানো এইচএসসি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন

23 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: আরেক দফা পরিবর্তন হয়েছে ঘুর্ণিঝড় রোয়ানুর কারণে পেছানো এইচএসসির পরীক্ষার তারিখ। ২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রোববার হবে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো ১২ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, ১২ জুন সকালের পালায় অনুষ্ঠিত হবে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা। আর বিকেলের পালায় অনুষ্ঠিত হবে , রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। উল্লেখ্য ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ মে শুক্রবার সকাল ৯টায় পরিবর্তন কর হয়। অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।

মে ২৩, ২০১৬
কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ - image

কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ

15 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় থাকা ১৩ লাখের বেশি শিক্ষার্থীর একাদশে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরা কলেজে ভর্তি হয়ে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয় থেকে অনলাইনে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর ফল দেখে এই মেধাতালিকা প্রকাশ করেন। সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশে ভর্তিতে এবার ২১ লাখ ১৪ হাজার ২৬৫টি আসন রয়েছে বলে জানান মন্ত্রী। সাত লাখ আসন এবার ফাঁকা থাকবে জানিয়ে নাহিদ বলেন, সবাই তার পছন্দের কলেজ নাও পেতে পারেন। তবে আসনের জন্য কেউ ভর্তি হতে পারবেন না- এমন হবে না। এবার কারিগরি বোর্ডে ৩৬টি, মাদ্রাসা বোর্ডে ১০টি এবং ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডে একটি করে কলেজসহ মোট ৪৮টি কলেজে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি বলে জানান নাহিদ।

জুন ১৫, ২০১৬
এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী - image

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী

16 জুলাই 2022, বিকাল 6:00

বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আজ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে বন্যার কারণে দক্ষিণাঞ্চলেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণে আগস্ট মাসকে বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা পরীক্ষা শুরু করতে যাচ্ছি। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার রুটিন প্রকাশ করবে। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। ফলে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।

জুলাই ১৬, ২০২২
‘প্রশ্নফাঁসের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা’ - দীপু মনি - image

‘প্রশ্নফাঁসের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা’ - দীপু মনি

05 নভেম্বর 2022, বিকাল 6:00

প্রশ্নফাঁস বন্ধ করতে অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, গত পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি। প্রশ্নফাঁস বন্ধ করতে আমরা অভিনব কৌশল গ্রহণ করেছি। এবং এ ব্যাপারে আমরা কঠোর মনিটরিং করছি। কিন্তু এরপরও যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করা হয়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রোববার সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কোচিং সেন্টার বন্ধের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং বন্ধের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন। তিনি আরও বলেন, কোচিংয়ের প্রয়োজন আছে। স্কুল-কলেজগুলোতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ক্লাস করে। সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না বলে আশা করি।

নভেম্বর ০৫, ২০২২
আজ এইচএসসি পরীক্ষা শুরু - image

আজ এইচএসসি পরীক্ষা শুরু

05 নভেম্বর 2022, বিকাল 6:00

করোনাভাইরাস (কোভিড-১৯) এবং বন্যার কারণে কয়েক দফা পেছানোর পর রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। এদিকে পরীক্ষা শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে। ফেসবুকের বেশ কয়েকটি পেজ থেকে প্রশ্নের কিছু অংশ দিয়ে বলা হচ্ছে, টাকা দিলেই মিলবে পুরো প্রশ্ন। বোর্ড বলছে, প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। যেসব পেজ গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ৪৪৮টি কেন্দ্র অংশ নেবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি)এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট ১ হাজার ৮৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে পরীক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে। ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট অভিভাবকদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময় পার হওয়ার পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে উপজেলা পর্যায়ে প্রশ্ন বাছাই এবং বিতরণের সময় এবার ইউএনওকে উপস্থিত থাকতে হবে। শিক্ষকরা বলছেন, পরীক্ষার আগে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো হলে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। প্রশ্নফাঁস ঠেকাতে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে বোর্ড।

নভেম্বর ০৫, ২০২২
বাংলাদেশের প্রথম মহাকাশচারী হতে প্রস্তুতি নিচ্ছেন জোনাক - image

বাংলাদেশের প্রথম মহাকাশচারী হতে প্রস্তুতি নিচ্ছেন জোনাক

08 মে 2023, বিকাল 6:00

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেধাবী শিক্ষার্থী শাহজালাল জোনাক। রাশিয়ার বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ‘রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্সে পড়ালেখা করে বাংলাদেশের প্রথম মহাকাশচারী হতে নিজেকে প্রস্তুত করছে। বাংলা ভাষায় বেশ কিছু বই লিখেছে জোনাক। এ পর্যন্ত তার সাতটি বই প্রকাশিত হয়েছে।  বইগুলো হচ্ছে ‘ম্যাজিক অফ রুবিক’স কিউব, পদার্থ বিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তরুণ প্রজন্মের চিঠির সংকলন ‘প্রিয় বাবা’, শব্দ দিয়ে বুদ্ধির খেলা, মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, শব্দের গল্প, পরিবেশ ও জলবায়ুর গল্প। এসব বইয়ের মধ্যে ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ বইটি প্রথম বাংলা বই হিসেবে মহাকাশে গমন করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লাইব্রেরিতে সংরক্ষিত হয়ে আলোচিত হয়েছে। বই লেখা ছাড়াও জোনাক বিজ্ঞান নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্কুলে করেছে সেমিনার। এসব সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনাগরিক, আত্মনির্ভরশীলতাসহ দেশ গঠনে অবদান রাখতে অনুপ্রাণিত করছে। জানা যায়, জোনাকের জন্ম তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে। বাবা আবু বক্কর সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক। মা সানজিদা শারমিন গৃহিনী। ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করে ভর্তি হয় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে। সেখান থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সরকারি স্কলারশিপে উচ্চ শিক্ষার জন্য চলে যান রাশিয়ায়। ভর্তি হন রাশিয়ার বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। বর্তমানে সেখানে ‘রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স’ বিষয়ে পড়াশোনা করছেন। জোনাক বলেন, রকেট সায়েন্সে পড়া বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং। একটি রকেট ইঞ্জিনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়েই শুধু পড়তে হয়  না। অতি কম সময়ে ইঞ্জিনের পরিবর্তনের বিষয়গুলো মাথায় রাখতে হয়। রকেটের ইঞ্জিন এমনভাবে প্রস্তুত করা হয় যে অতিদ্রুত পৃথিবী থেকে মহাকাশে পাড়ি জমাবে। তা না হলে পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে ওপরে উঠতে পারবে না। তাই এখানে এক সেকেন্ডও অনেক বড় সময়। প্রথম স্টেজে রাশিয়ার তৈরি একটি সয়ুজ রকেট এক সেকেন্ডে প্রায় ২ কিলোমিটার পাড়ি দিয়ে ফেলে। যার কারণে রকেট নিয়ে পড়াশোনাটা খুব জটিল এবং চ্যালেঞ্জিং। পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ মহাকাশচারীরা। কারণ মহাকাশ খুব জটিল জায়গা। অনুমান করে সব কিছু করা যায় না। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এ সিদ্ধান্তের জন্য কারও উপর নির্ভর করলেও চলে না। এ জন্য খুব বিচক্ষণ এবং স্মার্ট মানুষকগুলোকেই মহাকাশচারী হিসেবে সিলেক্ট করা হয়। ছোট্ট একটি সিদ্ধান্ত মহাকাশচারীদের জীবন বাঁচিয়ে দিতে পারে কিংবা কেড়ে নিতে পারে। তাই মহাকাশচারী হিসেবে নিজেকে প্রস্তুত করতে আমি নিজে থেকেই ফ্লাইট ট্রেনিং করেছি। বেসিক ইমারজেন্সি মেডিক্যাল ম্যানেজমেন্টের ওপর কোর্স করেছি। আত্মরক্ষার জন্য গান শুটিং শিখেছি। সামনের দিকে আমার স্কাই ডাইভিং এবং স্কুবা ডাইভিংয়ের লাইসেন্স নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি দেশের অ্যাস্পায়ারিং অ্যাস্ট্রোনটরা নিজেদের একজন ভালো, যোগ্য মহাকাশচারী প্রার্থী হিসেবে গড়ে তোলে। আমি সেভাবেই নিজেকে তৈরি করছি। মহাকাশে নিজের বই পাঠানোর বিষয়ে তিনি বলেন, বিষয়টি মোটেও সহজ কোনো কাজ ছিলো না। কারণ মহাকাশে কোনো কিছু প্রেরণ করা অনেক বেশি ব্যয়বহুল। রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’ বিষয়টি বিবেচনা করে অনুমতি প্রদান করেন। ফলে বাংলা ভাষায় লেখা প্রথম কোনো বই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়। জোনাক আরও বলেন, ‘রকেট নিয়ে পড়াশোনা শেষ করে সবাই সচরাচর রকেট ইঞ্জিনিয়ার বা রকেট সায়েন্টিস্ট হিসেবে বিভিন্ন অ্যারোস্পেস বা স্পেস এজেন্সিতে কাজ করতে পারে, আমিও হয়তো সেটাই করতে পারবো। তবে আমি চাই একজন মহাকাশচারী হতে। বাংলাদেশ থেকে এখনও কেউ মহাকাশচারী হয়নি। সেজন্য পড়ালেখার পাশাপাশি মহাকাশচারী হওয়ার জন্যও নিজেকে বিভিন্নভাবে প্রস্তুত করছি। মহাকাশচারী হওয়ার বিষয়টি যেহেতু একটি দেশের সরকারের ওপর অনেকটা নির্ভর করে, তাই এই মুহুর্তে বাংলাদেশ থেকে মহাকাশচারী হওয়া সম্ভব নয়। কিন্তু আমি নিজেকে প্রস্তুত করছি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন তার স্বপ্ন ছেড়ে না দেয়। স্বপ্নের পথে দাঁত কামড়ে লেগে থাকলে, সফলতা আসবেই। হয়তো কিছুটা সময় লাগবে, তবে কাজ করে গেলে, নিশ্চয় সফলতা আসবে। আর প্রতিটি মানুষের স্বপ্ন ভিন্ন, তাই যে যেই স্বপ্ন দেখতে পারে, সে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার মতো সক্ষমতাও রাখে। জোনাকের মা সানজিদা শারমিন বলেন, ছোটবেলা থেকেই দেখেছি জোনাক সবসময় আউট অব দ্য বক্স চিন্তা করে। আমরা তার স্বপ্নকে সাপোর্ট দিতে চেষ্টা করেছি। তারপরেও অনেক প্রতিবন্ধকতা তো ছিলই। সে ওর মতো করেই চেষ্টা করে এতোদূর এগিয়ে গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ও যেন তার স্বপ্ন জয় করে মহাকাশচারী হতে পারে। দেশের মুখ উজ্জ্বল করতে পারে। স্কুল শিক্ষক রেবেকা সুলতানা বলেন, জোনাক আমাদের ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। স্কুলের পড়ালেখা থেকে শুরু করে সবকিছুতেই সে অনেক বেশি অনুসন্ধিৎসু ও তার জানার আগ্রহ ছিল। সে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতে চেয়েছিল। আজ তার সে স্বপ্ন পূরণ হয়েছে। রাশিয়ার মতো একটি দেশে ‘রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স’ নিয়ে পড়ালেখা করছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা দুআ করি সে যেন তার স্বপ্নজয় করতে পারে। অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, পঞ্চগড়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এমন এক মেধাবী শাহ জালাল জোনাক। আমরা তাকে জোনাক নামেই চিনি। সে ভবিষ্যতে মহাকাশচারী হতে চায়। ওর অনেক বড় স্বপ্ন রয়েছে। সে পঞ্চগড় ও দেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়। সে চমৎকার বই লিখে। জোনাক স্বপ্ন দেখে সে একদিন দেশের জন্য কাজ করবে। তিনি আরও বলেন, সে বাংলাদেশের প্রথম শিক্ষার্থী। যার লেখা বই একজন মহাকাশচারী নিয়ে গিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এটা একটা গর্বের বিষয়। আমরা আশা করি জোনাক একদিন অনেক এগিয়ে যাবে। পঞ্চগড়ের মানুষকে গর্বিত করবে। তার দেশের প্রতি কাজ করার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।

মে ০৮, ২০২৩
মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান - image

মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান

17 জুন 2023, বিকাল 6:00

দেশের বহুল আলোচিত কারাবন্দী জল্লাদ শাহজাহান ভূঁইয়া দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন। আজ রবিবার (১৮ জুন) বেলা ১১টা ৪৬ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন তিনি। শাহজাহানে মোট সাজা হয়েছিল ৪২ বছর। তার মধ্যে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পেয়েছেন। প্রায় ৩২ বছরের সাজা শেষে তিনি মুক্তি পেলেন। কারা সূত্র জানায়, শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক, ছয়জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনকে ফাঁসি দিয়েছেন। ১৯৭৯ সালে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আগে থেকেই অসংখ্য মামলা দায়ের ছিল। গ্রেপ্তারের পর সেসব মামলার বিচার শুরু হয়। বিভিন্ন সময়ে তার ৩৬টি মামলার রায় হয়েছে। তার পুরো নাম মো. শাহজাহান ভূঁইয়া। জন্মস্থান নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে। তার বাবার নাম হাসান আলী ভূঁইয়া, মাতা সবমেহের। তিনি পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

জুন ১৭, ২০২৩
এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ - image

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ

03 জুলাই 2023, বিকাল 6:00

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ  করা হয়েছে। এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। এ পরীক্ষা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। কেন্দ্রের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

জুলাই ০৩, ২০২৩
১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা, ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার - image

১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা, ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

07 আগস্ট 2023, বিকাল 6:00

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে না। ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু। পরীক্ষা উপলক্ষে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আগস্ট ০৭, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo