logo
youtube logotwitter logofacebook logo

এআই

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল - image

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

29 এপ্রিল 2023, বিকাল 6:00

চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গতকাল শনিবার তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করেন। এর পরপরই শুভেচ্ছায় ভেসেছেন এই জুটি। বেবিবাম্পের ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস লিখেছেন, ‘বাস্তব নাকি এআই?’ অর্জুন রামপালের বান্ধবী নিজেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সংশয় তৈরি করে দিয়েছেন। যদিও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা থেকে নেটিজেনরা। গ্যাব্রিয়েলার ইনস্টাগ্রাম পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কাজল আগরওয়াল ও তানিয়া ঘাভরি লিখেছেন, ‘মা তোমাকে ভালোবাসি’। অ্যামি জ্যাকসন লিখেছেন, ‘ওহ আমার প্রেমিকা!! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য আমি খুব আনন্দিত।’ এ ছাড়া মনিকা ডোগরা, অমৃতা অরোরা, প্রজ্ঞা কাপুরসহ সবাই তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলার সম্পর্কের কারণেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন অর্জুন। এর ঠিক পরপরই অর্জুন ও গ্যাব্রিয়েলার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক, যার বর্তমান বয়স ৩ বছর। যদিও তাঁদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও মায়রা ও মাহিকা নামে দুই কন্যাসন্তান রয়েছে অর্জুনের।

এপ্রিল ২৯, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা যুক্তরাষ্ট্রের - image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা যুক্তরাষ্ট্রের

03 মে 2023, বিকাল 6:00

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।  ওয়াশিংটন ডিসিতে নবম বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপ চলাকালে শেখ হাসিনার প্রশংসা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরে বুধবার এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া নুল্যান্ড নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংলাপ চলাকালে মোমেন তার মার্কিন সমকক্ষকে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর জাপান সফর এবং পরে ওয়াশিংটন ডিসি সফর সম্পর্কে মার্কিন পক্ষকে অবহিত করেন। তিনি বাংলাদেশের সম্প্রতি প্রকাশিত ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির রূপরেখাও শেয়ার করেছেন। রাষ্ট্রদূত নুল্যান্ড নিজ নিজ ইন্দো-প্যাসিফিক নথিতে দুই দেশের মধ্যে অভিন্নতার ক্ষেত্র উল্লেখ করেছেন। পররাষ্ট্র সচিব মোমেন তার মার্কিন সমকক্ষকে স্থানীয় ও জাতীয় উভয় পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মার্কিন পক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ার প্রশংসা করেছে। পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার কর্মকাণ্ডের কিছু ইতিবাচক অগ্রগতিও শেয়ার করেছেন। তিনি র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত নুল্যান্ড বাংলাদেশ সরকারের এই বছরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করার ঘোষণার প্রশংসা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগ আকৃষ্ট করার জন্য শ্রম খাতের সংস্কারের সাথে অব্যাহত অগ্রগতির গুরুত্বের ওপর জোর দেন। উভয় পক্ষই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে ক্রমবর্ধমান এবং প্রাণবন্ত ব্যবসায়িক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে। তারা বাংলাদেশে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ব্যবসায়িক ব্যস্ততা বাড়াতে সাইবার নিরাপত্তা এবং ডাটা সুরক্ষার বিষয়ে আরও কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন। রাষ্ট্রদূত নুল্যান্ড মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আতিথেয়তায় বাংলাদেশের অসাধারণ উদারতার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব মোমেন তাকে রোহিঙ্গাদের জন্য তহবিলের সর্বশেষ পরিস্থিতি এবং সীমিত সংখ্যক রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন পাইলট প্রকল্প সম্পর্কে অবহিত করেন। উভয় পক্ষই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু রোহিঙ্গাদের পুনর্বাসন কার্যক্রমকে আরও বাড়াতে সম্মত হয়েছে। উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তাদের মতামত বিনিময় এবং এ বিষয়ে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় অংশীদারিত্ব সংলাপের দশম রাউন্ডে আন্ডার সেক্রেটারি নুল্যান্ডকে আমন্ত্রণ জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, রাষ্ট্রদূত ডোনাল্ড লু এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপে উপস্থিত ছিলেন।

মে ০৩, ২০২৩
ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি - image

ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি

17 মে 2023, বিকাল 6:00

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে। বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টিতে’ বা ‘৩০ অনূর্ধ্ব ৩০’ শীর্ষক এশিয়া ‘মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন, সামাজিক প্রভাব ও কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন ৭ বাংলাদেশি। বিজনেস জার্নাল ফোর্বস ২০১১ সালে প্রথমবারের মতো ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী ৩০ জনকে নিয়ে তালিকাটি তৈরি করা হয়। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী উদ্যোগের জন্য মোট ২৫ জন বাংলাদেশির নাম এ তালিকায় স্থান পেয়েছে। স্থানপ্রাপ্তরা হলেন জাহ্নবী রহমান, দীপ্ত সাহা, আজিজ আরমান, রুবাইয়াৎ ফারহান, তাসফিয়া তাসবিন, আনওয়ার সায়েফ ও সারাবান তহুরা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সৃজনশীল সেবাদানকারী প্রতিষ্ঠান মার্কোপলো ডটএআইয়ের স্থপতি রুবাইয়াৎ ফারহান ও তাসফিয়া তাসবিন। তারা দুজন স্থান করে নিয়েছেন মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং ক্যাটাগরিতে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকে মার্কোপলো ডটএআই। ২০২২ সালে কোম্পানিটি ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘সিঙ্গাপুর ভিসি’ থেকে সাত লাখ মার্কিন ডলার বিনিয়োগ পায়। কৃষকদের ডিজিটাল সরবরাহ চেইনের সঙ্গে সংযুক্ত করতে এবং তাদের ডিজিটাল দুনিয়ায় পরিচিত করতেই দীপ্ত সাহা গড়ে তুলেছিলেন অ্যাগ্রোশিফট টেকনোলজিস। তিনি কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে শীর্ষ ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল এনে ভোক্তাদের কাছে বিক্রি করে গত বছর চালু হওয়া প্রতিষ্ঠানটি। আজিজ আরমান অনলাইনে গাড়ি ভাড়া করার অ্যাপ যাত্রীর প্রতিষ্ঠাতা। তিনি কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। গত বছর ঢাকা বাস মালিক সমিতি ই-টিকিট ব্যবস্থা চালু করতে সম্মত হয় এবং যাত্রীর মাধ্যমে ৫ হাজার ৬৫০টি বাসে ই-টিকিট ব্যবস্থা চালু হয়। ২০২১ সালে কোম্পানিটি ১২ লাখ ডলার বিনিয়োগ পায়। সামাজিক যোগাযোগমাধ্যম রিল্যাক্সির সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। তিনি ফোর্বসের উদীয়মান ৩০০ এশীয়দের মধ্যে সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন শীর্ষ ৩০ জনের মধ্যে। মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশি তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে সহায়তা দিয়ে থাকে রিল্যাক্সি। সাতজনের মধ্যে বাকি দুজন হলেন আনওয়ার সায়েফ ও সারাবান তহুরা। তারা দুজনে মিলে প্রতিষ্ঠা করেছেন টার্টল ভেঞ্চার স্টুডিও। উদ্যোক্তাদের সহায়তা করতে প্রতিষ্ঠিত এই উদ্যোগটির স্থপতিরাও সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে শীর্ষ ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা করে থাকে টার্টল ভেঞ্চার। ২০১৮ সাল থেকে কাজ শুরু করা প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৯০টি উদ্যোগের সঙ্গে কাজ করেছে এবং এদেরকে দেড় কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

মে ১৭, ২০২৩
গত ঈদের চেয়ে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং: আইজিপি - image

গত ঈদের চেয়ে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং: আইজিপি

23 জুন 2023, বিকাল 6:00

গত ঈদের (ঈদুল ফিতর) তুলনায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন এবং যাত্রীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘গতবারের চেয়ে এবার ঈদযাত্রা চ্যালেঞ্জিং, এটা সবাইকে মাথায় রাখতে হবে। গতবার ছিল মহাসড়কে শুধু যাত্রীসাধারণকে গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রীরা গন্তব্যে যাবেন, অন্যদিকে পশুবাহী ট্রাক, পশুবাহী নৌকা যাতায়াত করবে রাস্তাঘাট ও নদীতে। এর সঙ্গে ফলবাহী যানবাহন আসবে, এগুলোকে আটকানো যাবে না। সবকিছু বিবেচনায় রেখে, আমরা আশ্বস্ত করতে চাই, সরকার এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঈদযাত্রা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে সভা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর, সড়কমন্ত্রীর দপ্তরে, রেলওয়ে মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশ হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি জেলায় সকল স্টেক হোল্ডার, মালিক-শ্রমিকদের সঙ্গে মিটিং করেছি। আমরা সবাই একসঙ্গে, একযোগে কাজ করছি। আশা করছি এবারও সকলের সহযোগিতায় যথাসময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’ আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘গতবারের ঈদের যাতায়াতব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ছিল। ওই অভিজ্ঞতা মাথায় রেখে আমাদের নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। প্রকৌশলী ও রাস্তাঘাটের সঙ্গে যারা জড়িত তাদের সবার সঙ্গে বৈঠক হয়েছে, জেলায় জেলায় জেলা প্রশাসকগণ বৈঠক করেছেন। পুলিশের মহানগর, জেলা পুলিশ, পুলিশের সকল বিভাগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছি। নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসঙ্গে কাজ করছে। আমরা আশা করছি, এবারের ঈদযাত্রায় মানুষ গতবারের চেয়েও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।’ পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, ‘আগে রাস্তাঘাটে খানাখন্দ ভরা ছিল, দুরবস্থা ছিল। আগের চেয়ে রাস্তার অবস্থা অনেক ভালো হয়েছে। সরকার অনেক উন্নয়নকাজ করেছে। এখনো কার্যক্রম চলমান আছে। যার কারণে জনসাধারণ দ্রুততম সময়ে স্বাভাবিক সময়ের মতোই ঈদের সময় রাখার চেষ্টা করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বড় পর্যায়ের কর্মকর্তারা সব সময় নিয়োজিত থাকবে।’ গরুর হাটের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘গরুর হাটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। গরুর হাটে টানাহেঁচড়া, চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার যদি কেউ কোনো ট্রাক বা নৌকা তাদের গন্তব্যের আগে থামায়। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে, আইনের যে প্রয়োগ করা দরকার সেটাই করব। ব্যবসায়ী ও ইজারাদার, গরুর মালিক আপনাদের কোনো সমস্যা হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন। যদি কাছাকাছি কাউকে না পান, তাহলে ৯৯৯ ফোন দিন। আপনারা আমাদের সহায়তা দিন, আমরা আপনাদের নিশ্চয়তা দেব।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাল টাকার বিস্তাররোধ এবং অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘প্রতিটি মার্কেটে জাল টাকা শনাক্তকরণে যে মেশিন, সেই মেশিন আমাদের কাছে থাকবে। কারও সহযোগিতা প্রয়োজন হলে, আমরা সেবা দিতে প্রস্তুত রয়েছি। জাল টাকার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাকা পরিবহনে সমস্যা হলে সেখানেও পুলিশ সহায়তা করবে।’ এ সময় হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, গাজীপুর পুলিশ কমিশনার মাহবুব আলম, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি (অপারেশন) হায়দার আলী খান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব রহমান, পুলিশের হেডকোয়ার্টার এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান প্রমুখ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুন ২৩, ২০২৩
আইটি প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি নিতে চায় জাপান - image

আইটি প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি নিতে চায় জাপান

23 জুলাই 2023, বিকাল 6:00

আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একইসঙ্গে বাংলাদেশে স্টার্টআপ ও গবেষণা উন্নয়ন প্রশিক্ষণ খাতে বিনিয়োগ করতে চায় দেশটি। রোববার (২৩ জুলাই) সোনারগাঁওয়ে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এই আগ্রহের কথা জানান। জাপানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের আইসিটি রপ্তানি থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অর্জিত ১২০ মিলিয়ন ডলারের বাজারকে বিলিয়ন ডলার এ উন্নীত করা সম্ভব বলে মত প্রকাশ করেন। এ সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জাপানে রপ্তানি বাড়াতে আইটি বা আইটিইএস রপ্তানি পোর্টফোলিও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সরকার আগামী তিন বছরে বিশ্ববিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থীকে এআই, বিগ ডাটা, আইওটি, ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রভৃতি উদীয়মান প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে জানিয়ে এই প্রশিক্ষিত জনশক্তি জাপানের বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে দেশটির বাণিজ্য মন্ত্রীকে অবহিত করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, সাতটি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এরমধ্যে সফটওয়্যারের পর বাংলাদেশের হার্ডওয়্যার খাতে এবং সম্ভাবনাময় স্টার্টআপ খাতে বিনিয়োগে জাপানের আগ্রহ রয়েছে। এছাড়াও দেশটি জনঘাটতি মেটাতে বাংলাদেশের ফ্রেশ গ্রাজুয়েটদের এআই, রোবটিক্স মাইক্রোচিপ ডিজাইন এবং সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ দিয়ে তা পূরণ করার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি হাইটেক পার্কে বাংলাদেশ-জাপান আইটি ইনস্টিটিউট ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর এ সকল বিষয়ে চূড়ান্ত করতে প্রতিমন্ত্রীকে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান। বৈঠকে বাংলাদেশি আইটি বা আইটিইএস বা হার্ডওয়্যার কোম্পানি বা স্টার্টআপদের জন্য একটি আইটি সামিটের আয়োজন করা বিষয়ে একমত পোষণ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, সনির পর হিটাচি, তোশিবা, টয়োটা, নিশান ও কাওয়াসাকি বাংলাদেশে তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খুলবে। সফটওয়্যার খাতে জাপান বাংলাদেশের জন্য ষষ্ঠ রপ্তানি কারক দেশ হিসেবে আরো বেশি মনোযোগী হবে সরকার। এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, আইসিটি বিভাগের ইডিইজি প্রকল্পের পলিসি এডভাইজার আব্দুল বারী তুষার, জাপানের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের ওভারসিজ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার অফিসের পরিচালক উমেদা হিদেয়ুকি, ট্রেড পলিসি ব্যুরোর মহাপরিচালক মেতসুউ টেকেহিকো, বাণিজ্য নীতি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়া অফিসের পরিচালক, মুরায়ামা কাতসুহিকো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, প্রথম সচিব হারুতা হিরোকি এবং আজুমায়া কেনজিসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই ২৩, ২০২৩
ফিরে এলেন সালমান শাহ - image

ফিরে এলেন সালমান শাহ

27 আগস্ট 2023, বিকাল 6:00

ভক্তদের মাঝে ফিরতে চলেছেন সিনেমা জগতের স্বপ্নের নায়ক সালমান শাহ। সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফেরদৌস। তিনি বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই দেশ বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চুয়াল জগতে।   সংবাদ মাধ্যম অনুযায়ী, রোববার ( ২৭ আগস্ট) রাতে রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুক আইডিতে সালমান শাহর ছবি পোস্ট করে রাজীব লিখেছেন, প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাথে থাকুন! সালমানের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। দেশের তো নয়ই, বিদেশি কোনো নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহর সে ছবি। রাজীবের সে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, স্বপ্নের নায়ক আসলেই রে ভাই আসলেই। এরপরই তিনি জুরে দিয়েছেন দুটি ভালোবাসার প্রতীকের চিহ্ন। আরেকজন লিখেছেন, সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টুয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন। সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই সেপ্টেম্বর মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন এ স্বপ্নের নায়ক। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম এ অভিনেতার। ক্ষণজন্মা এই তারকা মাত্র ২৫ বছর বয়সে হঠাৎই মৃত্যুর স্বাদ গ্রহণ করেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তাই সালমান ভক্তরা ধারণা করছেন, সেপ্টেম্বর মাসেই সালমান শাহ ভক্তদের ‘এআই’-র নতুন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব।এর আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) প্রযুক্তির সঙ্গে ফায়ারফ্লাই এবং ফটোশপ ব্যবহার করে তিনি ৬ থেকে ৮ দশকের পুরনো দিনের নায়িকাদের এই সময়ের গেটআপে নতুন লুক তৈরি করেন। এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি হলিউড তারকাদের ইফতারের টেবিলেও হাজির করেছিলেন। তাই সালমান ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বপ্নের নায়কের নতুনভাবে গৌরবময় প্রত্যাবর্তনের।

আগস্ট ২৭, ২০২৩
বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে : বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর - image

বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে : বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর

05 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলায়মানে কুলিবালি। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশটি ২০৪১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য সঠিক পথে রয়েছে, কারণ বাংলাদেশ করোনা মহামারি সত্ত্বেও এর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।’ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘বাংলাদেশে ছোটো উদ্যোগের ক্রমবিকাশ : প্রেক্ষিত আরএআইসিই প্রকল্প’ শীর্ষক এক মতবিনিময় সভায় সম্মানীয় অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর। পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘বাংলাদেশকে জনমিতিক সুযোগ গ্রহণ করতে হলে ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ করা জরুরি। ক্ষুদ্র উদ্যোগের বিকাশে আর্থিক পরিষেবার পাশাপাশি অ-আর্থিক পরিষেবা যেমন সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে।’ পিকেএসএফ পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে ড. নমিতা হালদার বলেন, ‘আরএআইসিই প্রকল্পটি পিছিয়ে পড়া মানুষের, বিশেষ করে তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করছে।’ সভায় ‘বাংলাদেশে ছোটো উদ্যোগের বিকাশ : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ক উপস্থাপনায় পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের দেশীয় ছোটো উদ্যোগের বিকাশে পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের ভূমিকা তুলে ধরেন। এছাড়া আরএআইসিই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। এর ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম এ বাকী খলীলী। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের আরএআইসিই প্রকল্পের কয়েকজন অংশগ্রহণকারী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশের লক্ষ্যে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে আরএআইসিই প্রকল্পটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে। প্রকল্পটি ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৬৪টি জেলার ৩৩৩টি উপজেলার শহর ও শহরতলী এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

সেপ্টেম্বর ০৫, ২০২৩
রূপপুরে রাশিয়ার ইউরেনিয়াম হস্তান্তর, পরমাণুযুগে বাংলাদেশ - image

রূপপুরে রাশিয়ার ইউরেনিয়াম হস্তান্তর, পরমাণুযুগে বাংলাদেশ

04 অক্টোবর 2023, বিকাল 6:00

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদীর প্ল্যান্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগ দিয়ে ইউরেনিয়াম হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরমাণুযুগে প্রবেশ করল বাংলাদেশ। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালানটি ২৮ সেপ্টেম্বর একটি বিশেষ ফ্লাইটে রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছে। হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশে পরিণত হলো। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার ঠিকাদার হিসেবে রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। এ বিদ্যুৎকেন্দ্রে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালের সেপ্টেম্বরে এবং দ্বিতীয় ইউনিট ২০২৫ সালের মাঝামাঝিতে চালু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটিতে ৩০ হাজার মানুষ কাজ করছেন। প্রকল্পটি ৬০ থেকে ৮০ বছর ধরে চালু থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের লে-আউটে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। একইসঙ্গে এটি কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগ সমর্থন করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরমাণু শক্তি কমিশন এ প্রকল্প বাস্তবায়ন করছে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানটি অ্যাটমস্টো এক্সপোর্ট প্রকল্পের অধীনে এক হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে। পারমাণবিক জ্বালানি রোসাটমের সহযোগী কোম্পানি টিভিইএল ফুয়েল তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি, জাপান, স্পেন, সুইডেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, ভারত, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে একবার পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হলে এক বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এরপর চুল্লিতে পুনরায় জ্বালানি সরবরাহ করতে হবে। ২০২১ সালের অক্টোবরে কাঠামোর মধ্যে চুল্লি স্থাপনের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ প্রায় সম্পন্ন হয়। এটি  এআইইএ এর মান অনুযায়ী স্থাপন করা হয়। চুল্লি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান। ২০২২ সালের অক্টোবরে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন করা হয়।

অক্টোবর ০৪, ২০২৩
নিষেধাজ্ঞা নিয়ে গুজবে কান দেবেন না : পররাষ্ট্রমন্ত্রী - image

নিষেধাজ্ঞা নিয়ে গুজবে কান দেবেন না : পররাষ্ট্রমন্ত্রী

08 অক্টোবর 2023, বিকাল 6:00

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে গুজব উপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, ওয়াশিংটনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাই নিষেধাজ্ঞা নিয়ে কোনো গুজবে কান দেবেন না। গতকাল রোববার (৮ অক্টোবর) ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের (পিইএএম) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নতুন পর্যায় সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আল্লার দোহাই, এসব (গুজব) নিয়ে চিন্তা ভাবনা করে ঘুম নষ্ট করবেন না।’ এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে ছিলাম... একজন মানুষও আমাদের বলেনি যে ঝড় আসবে। আপনারা (গণমাধ্যম) এসব বানান। তারা (যুক্তরাষ্ট্র) শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এমনকি অংশগ্রহণমূলক বা তত্ত্বাবধায়ক সরকার শব্দটিও উচ্চারণ করা হয়নি।’ নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। মোমেন বলেন, ‘তারা সফররত এনডিআই-আইআরআইয়ের যৌথ প্রতিনিধিদলকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন। আরও বলেছেন, সরকার কোনো সহিংসতা ছাড়াই অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন করতে চায়।’ সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি ‘সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনা পদ্ধতি’ গড়ে তুলেছেন, যা ‘অত্যন্ত নিরপেক্ষ ও শক্তিশালী।’ মোমেন বলেন, ‘তারা (প্রতিনিধি দল) আমাকে কোনো পরামর্শ দেয়নি, তারা আমাদের কথা শুনেছে।’ ড. মোমেন বলেন, ‘তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। জনগণ যদি অংশগ্রহণ করে এবং অবাধে ভোট দিতে পারে তাহলে তা অংশগ্রহণমূলক।’ তিনি বলেন, ‘তারা চায় সবাই নির্বাচনে অংশ নিক, কারণ সরকার পরিবর্তনের একটাই উপায়—তা হলো নির্বাচন।’ এর আগে প্রতিনিধি দলের সদস্য দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফার্থ বলেন, ‘নির্বাচনের প্রস্তুতিতে বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ ‘এনডিআই-আইআরআই যৌথ মিশন নির্বাচনী প্রস্তুতির অবস্থা মূল্যায়নের জন্য কাজ শুরু করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখানে বিভিন্ন পর্যায়ের লোকজনের কথা শুনতে এবং একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন দেখাতে এসেছি।’ ছয় সদস্যের প্রতিনিধি দল ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ বিভিন্ন নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলের সহসভাপতিত্ব করছেন দক্ষিণ এশিয়বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফার্থ এবং ইউএসএআইডির সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক। এ ছাড়া মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রাক্তন সদস্য মারিয়া চিন আবদুল্লাহ; জামিল জাফর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির প্রাক্তন সহযোগী পরামর্শদাতা; এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এনডিআই আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ; আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও রয়েছন দলে।

অক্টোবর ০৮, ২০২৩
এআই ভিডিওতে নিজেদের বিজয়ী ঘোষণা করলেন ইমরান - image

এআই ভিডিওতে নিজেদের বিজয়ী ঘোষণা করলেন ইমরান

09 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

পাকিস্তানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়ে তৈরি একটি ভিডিওতে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সাধারণ নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করেছেন। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই ভিডিওটি প্রকাশ করা হয় তার দলের পক্ষ থেকে। খবর এএফপির। পাকিস্তানের এবারের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দলের পক্ষে প্রচার-প্রচারণাতেও ছিল নিষেধাজ্ঞা। তবে কৌশলে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে পিটিআইয়ের নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটাভুটির ফলাফল যখন ধীরে ধীরে প্রকাশ হতে থাকে তাতে তাক লেগে যান নির্বাচন পর্যবেক্ষকরা। আজ শনিবার সকাল পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র সদস্যরা পেয়েছেন ৯৯টি আসন যাদের মধ্যে ৮৮ জনই ইমরানের সমর্থক। সেনা সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭১টি আসন। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩টি আসন। সরাসরি নির্বাচন হওয়া ২৬৬টি আসনের জাতীয় পরিষদে ১৫টি আসন পেয়েছে অন্যান্য ছোট ছোট দল। বাকী ২৮টি আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। এদিকে, নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে তৈরি করা ভিডিওতে ইমরান খানকে বলতে দেখা যায়, ‘২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাদের অভিবাদন জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে আপনাদের ওপর বিশ্বাস রেখেছিলাম যে আপনারা ভোট দিতে বের হবেন।’ ইমরান খানের সত্যিকার ভিডিও ক্লিপটি ছিল গত বছর রেকর্ড করা আর তার কন্ঠস্বর ছিল কৃত্রিম বুদ্ধমত্তার সাহায্য নিয়ে তৈরি। এই নিয়ে চতুর্থবারের মতো তার এধরনের ভিডিও প্রকাশিত হলো। এবারের নির্বাচনে ইমরান খানের দল প্রচারণায় নতুন মাত্রা যোগ করে। আর এতে সাহায্য নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের। দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে ইমরানের ছবি প্রকাশ ও তার নাম উচ্চারণেও ছিল নিষেধাজ্ঞা। কিন্তু পিটিআই প্রচারণা চালায় অনলাইনে। ইউটিউব, টিকটক প্লাটফর্মে চলে তাদের প্রচারণা। তবে এক্ষেত্রেও কোনো কোনো সময় ইন্টারনেট ব্লক করে দেওয়া হতো। তবে বাধাবিপত্তি কাটিয়ে স্বতন্ত্রপ্রার্থীরা বেশ জোরালোভাবেই প্রচারণা চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এক্ষেত্রে তারা সফল এ কথা এখন বলাই যায়।

ফেব্রুয়ারি ০৯, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo