
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এসব চক্র অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশিত এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি তাদের নজরে এসেছে, কিছু ব্যক্তি ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, এ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১ নভেম্বর। এ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে। এর আগে পরীক্ষামূলকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।
টি/