
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শরতের সাদা মেঘ, শিউলি ফুলের সুবাস আর কাশফুলের দোলায় প্রকৃতিজুড়ে বইছে দুর্গাপূজার আগমনী সুর। দেবী দুর্গার আগমনকে ঘিরে বাঙালির মনে উৎসবের আনন্দ, আর সেই আনন্দকে পূর্ণতা দিতে চলছে সাজসজ্জার প্রস্তুতি। পূজার পোশাকের পাশাপাশি নারীদের সাজে বিশেষ গুরুত্ব পাচ্ছে গহনা। লাল-সাদা শাড়ি, জামদানি কিংবা তাঁতের পোশাকের সঙ্গে মানানসই গহনা বেছে নিতে ব্যস্ত ফ্যাশনপ্রেমীরা। এ বছর পূজার ফ্যাশনে ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি আধুনিক ফিউশন গহনার জনপ্রিয়তা বাড়ছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘শঙ্খলতা’ নিয়ে এসেছে বিশেষ গহনার কালেকশন। ফ্যাশন ডিজাইনার এনামতারা সাকীর নকশায় তৈরি এসব গহনায় ফুটে উঠেছে মাটি, ধাতু, কাপড় ও প্রাকৃতিক উপাদানের নান্দনিক সমন্বয়। কালেকশনে রয়েছে হাতে আঁকা মাটির দুগ্গা লকেট,
পূজার গহনা কেনাকাটায় রাজধানীর বিভিন্ন বাজারেও দেখা যাচ্ছে উৎসবের আমেজ। তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে শাহবাগের আজিজ সুপার মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছে হ্যান্ডপেইন্টেড মাটির লকেট, কাঠের দুল, কাপড়ের গহনা ও ফিউশন জুয়েলারি। অন্যদিকে, ঐতিহ্যবাহী সাজের জন্য পুরান ঢাকা ও শাঁখারীবাজারের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। অক্সিডাইজড সিলভার, ব্রাস, সিটি গোল্ড, ঝুমকো ও কানপাশার মতো গহনার চাহিদা রয়েছে। বিশেষ করে অষ্টমীর অঞ্জলিতে লাল-পাড় সাদা শাড়ির সঙ্গে ভারী গহনা পরার প্রবণতা এ বাজারগুলোতে ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে।
বাজেটের কথা মাথায় রেখেও ক্রেতারা বেছে নিতে পারছেন পছন্দের গহনা। শঙ্খলতার পূজার কালেকশনের দাম ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। আজিজ সুপার মার্কেটে ৩০০ থেকে ২ হাজার টাকায় মিলছে বিভিন্ন নকশার গহনা। পুরান ঢাকা ও শাঁখারীবাজারে মেটাল, ব্রাস ও অক্সিডাইজড গহনার দাম ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত; ঐতিহ্যবাহী শাঁখা পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ৪ হাজার টাকায়। এ ছাড়া নিউ মার্কেট ও গাউছিয়ায় ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে সাধারণ অক্সিডাইজড ও ইমিটেশন গহনা কেনা সম্ভব। অনলাইন বুটিকগুলোতে হ্যান্ডক্রাফটেড বিশেষ গহনার সেটের দাম ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
পূজার পাঁচ দিন পোশাক ও গহনার সমন্বয়ে ভিন্ন ভিন্ন সাজে নিজেকে তুলে ধরার সুযোগ রয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতে হালকা সুতি শাড়ির সঙ্গে কড়ি, কাঠ কিংবা কাপড়ের তৈরি রঙিন মালা মানানসই। অষ্টমীর অঞ্জলিতে লাল-পাড় সাদা শাড়ি বা জামদানির সঙ্গে ভারী অক্সিডাইজড লকেট ও ব্রাসের হার এনে দিতে পারে আভিজাত্যের ছোঁয়া। নবমী ও দশমীতে কাতান কিংবা সিল্কের সঙ্গে অ্যান্টিক ও মেটালের স্টেটমেন্ট জুয়েলারি সাজে যোগ করবে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে, এবারের দুর্গাপূজার গহনার ট্রেন্ডে ঐতিহ্য, সৃজনশীলতা ও আধুনিকতার মেলবন্ধন যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি সাধ্যের মধ্যে পছন্দের সাজ বেছে নেওয়ার সুযোগও তৈরি হয়েছে।