
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গোলকিপারের চোটের অজুহাতে খেলার গতি নষ্ট করা এবং সেই সুযোগে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নেওয়ার প্রবণতা ঠেকাতে নতুন নিয়ম চালু করছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। ২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের পেশাদার ফুটবল প্রতিযোগিতাগুলোয় পরীক্ষামূলকভাবে এই নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, গোলকিপারের চোটের কারণে খেলা থামিয়ে মাঠে চিকিৎসক প্রবেশ করলে গোলকিপারের দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হবে। খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত এক মিনিট ওই খেলোয়াড় মাঠের বাইরে থাকবেন। ফলে ওই সময় দলটিকে গোলকিপারসহ ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে।
কোন খেলোয়াড় মাঠ ছাড়বেন, সে সিদ্ধান্ত নেবেন দলের কোচ। গোলকিপারকে চিকিৎসা দেওয়ার সংকেত দেওয়ার পর এ সিদ্ধান্ত নিতে
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) পরীক্ষামূলক এ নিয়মের অনুমোদন দিয়েছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ, উইমেনস সুপার লিগ এবং ম্যাচ পরিচালনাকারী সংস্থা প্রো রেফ যৌথভাবে নিয়মটি বাস্তবায়ন করবে।
তবে সব পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না। প্রতিপক্ষের ফাউলের কারণে গোলকিপার আহত হলে এবং সে কারণে ফ্রি-কিক দেওয়া হলে কোনো সতীর্থকে মাঠ ছাড়তে হবে না। একইভাবে গোলকিপার ও অন্য কোনো খেলোয়াড়ের সংঘর্ষে উভয়ের চিকিৎসার প্রয়োজন হলে কিংবা গোলকিপারের রক্তপাতের ঘটনায়ও এ নিয়মের ব্যতিক্রম থাকবে।
সাম্প্রতিক সময়ে গোলকিপারের চোটকে কৌশলগত বিরতি হিসেবে ব্যবহারের অভিযোগ বেড়েছে। অনেক সময় প্রতিপক্ষের সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই গোলকিপার চিকিৎসার জন্য খেলা থামান। সেই বিরতিতে খেলোয়াড়রা টাচলাইনের পাশে গিয়ে কোচের কাছ থেকে নতুন নির্দেশনা নেওয়ার সুযোগ পান, যা ম্যাচের স্বাভাবিক ছন্দ ও প্রতিপক্ষের আক্রমণের গতি ব্যাহত করে।
কর্তৃপক্ষের মতে, নতুন নিয়মের লক্ষ্য হলো প্রকৃত আহত গোলকিপারের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসার বিরতিকে যেন কোনো দল কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা।
আগামী ১ আগস্ট লিগ কাপের প্রাথমিক পর্ব থেকেই পরীক্ষামূলকভাবে নিয়মটির প্রয়োগ শুরু হবে। পুরো মৌসুমজুড়ে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ ও আইএফএবি।
এ ছাড়া সময়ক্ষেপণ কমাতে থ্রো-ইন ও গোল কিক নেওয়ার ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের গণনা এবং বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার জন্য ১০ সেকেন্ডের সময়সীমাও নতুন মৌসুমে কার্যকর করা হচ্ছে।
/টি