
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাই চলচ্চিত্রের সোনালী অতীতের কালজয়ী ও কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ। ৭৪ বছর পেরিয়ে আজ তিনি ৭৫ বছরে পা রাখলেন। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ফয়েজ চৌধুরী এবং মা ফজিলাতুন্নেসা। পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না হলেও রূপালী পর্দায় আসার পর পরিচালক এহতেশাম হায়দার চৌধুরীর দেওয়া ‘শাবানা’ নামেই তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
মাত্র ১০ বছর বয়সে, ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু হয় শাবানার। তবে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ঘটে ১৯৬৭ সালে, নির্মাতা এহতেশাম হায়দার চৌধুরীর ‘চকোরী’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা
শাবানা তাঁর অভিনয় ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, ফারুক, জসীম ও সোহেল রানার মতো জনপ্রিয় নায়কদের সাথে জুটি বেঁধে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে তাঁর সবচেয়ে সফল ও দীর্ঘতম জুটি গড়ে উঠেছিল অভিনেতা আলমগীরের সাথে। এই জনপ্রিয় জুটি একসাথে সর্বোচ্চ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে ‘অবুঝ মন’, ‘ছুটির ঘণ্টা’, ‘দুই পয়সার আলতা’, ‘ভাত দে’, ‘স্বামী স্ত্রী’ এবং ‘স্বামী কেন আসামি’ অন্যতম।
ক্যারিয়ারের একদম তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৭ সালে হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে আড়ালে চলে যান এই মহানায়িকা। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’। রূপালী জগৎকে বিদায় জানিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের পরিবারের কাছে চলে যান এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সুমি ও ঊর্মি নামের দুটি মেয়ে এবং নাহিন নামের একটি ছেলে রয়েছে।
চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শাবানা তাঁর ক্যারিয়ারে ৯ বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং একবার প্রযোজক হিসেবে পুরস্কৃত হন। এ ছাড়া ২০১৭ সালে তাঁকে সম্মানসূচক ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করে বাংলাদেশ সরকার। আজ এই মহান অভিনেত্রীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
/টিএ