
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার দেশের সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রোপলিটন ও জেলা—সব ধরনের রুটেই নতুন ভাড়া কার্যকর হবে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য (এমপি) শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।
শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও তা যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়েছিল।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।
/টি