
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে বাছাইপর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশ পুরুষ দলকে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে শীর্ষ চার বাছাই দলের একটি হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা।
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের দলীয় ইভেন্টগুলোর ড্র বৃহস্পতিবার প্রকাশ করেছে আয়োজকরা। প্রকাশিত সূচি অনুযায়ী, পুরুষদের ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি শেষ আটে জায়গা পেয়েছে।
অন্যদিকে বাকি ছয় দলকে খেলতে হবে প্রাথমিক পর্ব। সেখানে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে।
প্রাথমিক পর্ব শেষে নির্ধারণ
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর এবং ফাইনালসহ পদক নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ ও নারী—উভয় বিভাগের সব ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে।
এদিকে নারীদের ক্রিকেটে কোনো বাছাইপর্ব রাখা হয়নি। আটটি দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক জাপানের, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।
নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। একই দিনে স্বর্ণ ও ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সর্বশেষ হাংঝু এশিয়ান গেমসে পুরুষ ও নারী—উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। আর বাংলাদেশ দুই বিভাগেই ব্রোঞ্জপদক অর্জন করে, যেখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ নারী ও পুরুষ দল।
/টি