
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সিলেট টেস্টে ব্যাট হাতে স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের। প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড গড়ার পর এবার দ্বিতীয় ইনিংসেও নতুন কীর্তি গড়েছেন তিনি। এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান করার রেকর্ড এখন হৃদয়ের দখলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ রান করেছেন তিনি।
প্রথম ইনিংসে দলের চরম বিপর্যয়ের মুখে ব্যাট করতে নেমেছিলেন হৃদয়। তখন বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ২২ রান। দ্বিতীয় ইনিংসেও একই পরিস্থিতিতে মাঠে নামতে হয় তাকে। এবার দল ৩৩ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন এই ডানহাতি ব্যাটার। এরপর দলের বিপর্যয় সামলে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি।
এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন তিনি। তবে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০ রানে পৌঁছানোর মধ্য দিয়ে মুমিনুলের সেই রেকর্ড ভেঙে দেন হৃদয়। ফলে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েন তিনি।
তবে এক টেস্টে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়তে হলে হৃদয়কে পাড়ি দিতে হবে কঠিন পথ। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের গ্রাহাম গুচ প্রথম ইনিংসে ৩৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ১২৩ রান করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ ছিল ৪৫৬ রান। প্রায় ৩৬ বছর ধরে টিকে থাকা এই বিশ্বরেকর্ড ভাঙতে হৃদয়ের প্রয়োজন আরও ২২৮ রান, যা ম্যাচের শেষ দিনে দেড় সেশনে করা বেশ কঠিন।
তবে বিশ্বরেকর্ড না হলেও ব্যক্তিগত আরেকটি মাইলফলকের সামনে রয়েছেন হৃদয়। এক টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় সেরা দশে জায়গা করে নিতে হলে তাকে আরও ৮৬ রান করতে হবে। সেই রান করতে পারলে পেছনে ফেলবেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকে। এখন দেখার বিষয়, সিলেট টেস্টের শেষ দিনে ব্যাট হাতে নিজের রেকর্ডের খাতায় আর কত নতুন অর্জন যোগ করতে পারেন এই বাংলাদেশি ব্যাটার।
টি/