
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হচ্ছে। এটি ঘূর্ণিঝড় ও পরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’। পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি রোববারই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়টির শক্তি ও গতিপথের ওপর নিবিড় নজর রাখছে আবহাওয়া কর্তৃপক্ষ।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশার উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা। তবে এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলেও বৃষ্টি হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শক্তি ও গতিপথে পরিবর্তন এলে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও আবহাওয়ার পরিস্থিতিতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টি/