
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভূরাজনৈতিক উত্তেজনা ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। তবে নতুন সপ্তাহের শুরুতে আবারও ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববাজারে লেনদেনের শুরুতে স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা এবং দেশটির আসন্ন মূল্যস্ফীতির তথ্য ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্ট হয়েছে।
এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সুদের হার সম্পর্কে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এনেছে। এতে স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব পড়েছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৯৩ দশমিক ৫ শতাংশ। গত সপ্তাহে এ সম্ভাবনা ছিল প্রায় ১০০ শতাংশ। সুদের হার বাড়ার সম্ভাবনা কমলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় কমে যায়, ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ে।
তবে বিশ্লেষকদের মতে, স্বর্ণের এই উত্থানকে দরপতনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলক সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দামে আবারও চাপ তৈরি হতে পারে। এদিকে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৪১ সেন্ট হয়েছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ১ দশমিক ২ শতাংশ করে বেড়ে যথাক্রমে ১ হাজার ৩১৪ ডলার ৮৫ সেন্ট এবং ৯০৩ ডলার ১৫ সেন্টে দাঁড়িয়েছে।
টি/