
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ দেড় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন। ২০২২ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে চূড়ান্তভাবে ‘গুডবাই’ জানান এই গতিদানব।
আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ি বার্তায় রুবেল হোসেন লিখেছেন, "জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।" দেশের হয়ে দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য তিনি তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং অগণিত ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক আঙিনায় লাল-সবুজ
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক পথচলা শুরু হয় রুবেলের। ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। সাদা পোশাকে ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষ ম্যাচ খেললেও, সীমিত ওভারের ক্রিকেটে তিনি সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালে। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে মাঝারি মানের সফল হলেও ওয়ানডেতে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা।
রুবেল হোসেনের ক্যারিয়ারের কথা উঠলেই সবার আগে মনে পড়ে ২০১৫ বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্ত। অ্যাডিলেডে রুবেলের বিধ্বংসী বোলিংয়েই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। তার সেই ইনসুইং আর গতিময় ডেলিভারিগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
/টিএ