
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার এক বৈশ্বিক উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ। তুরস্কের আনাতোলিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে মঙ্গলবার (১০ নভেম্বর) এই ঘোষণায় সমর্থন জানিয়েছে দেশটি।
বাংলাদেশের পাশাপাশি কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতুও নতুন করে এই জোটে শামিল হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও এই ঘোষণায় সমর্থন দিয়েছিল। বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা এবং ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন ও দক্ষ জনবল তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এই ঘোষণায় সমর্থন দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণে দেশের প্রায় ৮ লাখ ছাদ ও অবকাঠামোয় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, মোট বিনিয়োগের ২০ শতাংশ বা প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদের কাজ হবে দেশীয় উদ্যোগে। বাকি ৮০ শতাংশ বা প্রায় ৬ লাখ ৯৬ হাজার ছাদের জন্য প্রয়োজন হবে আন্তর্জাতিক সহযোগিতা, সহজ শর্তে ঋণ ও উন্নত প্রযুক্তি। আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বৈশ্বিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেছেন, অফ-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনে পাকিস্তানের সাফল্য বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। সরকারের ইতিবাচক অবস্থান, বিশেষ অধ্যাদেশ ও কর-সুবিধার কারণে দেশে রুফটপ সোলার স্থাপনের গতি বাড়ছে বলে জানান তিনি। তবে নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয়; এ খাতে দক্ষ দেশীয় সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং এলএনজি বা কয়লার মতো ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ খাতের পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ বাড়াতে হবে।
বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় জাতীয় ও স্থানীয় সরকারগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বাড়িতে ব্যাটারি ব্যবহারের প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোতে পর্যাপ্ত অর্থায়ন, দুর্বল গ্রিড অবকাঠামো এবং দক্ষ জনবল সংকটের মতো বাধাগুলো দূর করতেই এই যৌথ প্ল্যাটফর্ম কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বৈশ্বিক সংস্থাগুলো।