logo
youtube logotwitter logofacebook logo

মন্ত্রিসভা

আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট - image

আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার সরকারের এ প্রস্তাব অনুমোদন করেছে। পার্লামেন্টের ৫৯৮ আইনপ্রণেতার মধ্যে ৪৪৫ জনই অভিযানের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪৬ জন, আর ভোটদানে বিরত ছিল ৭ জন। এই অনুমোদনের ফলে জার্মানি যে কোন সময় আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভা আইএস এর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। শুক্রবার পার্লামেন্টও অনুমোদন করায় হামলায় আর কোন বাধা থাকলো না। গত মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের অনুরোধে জার্মান চ্যান্সেলর আইএসের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেন। এর পর মন্ত্রীসভায় পাশ এবং সর্বশেষ পার্লামেন্টে পাস হওয়ায় আইএসের বিরুদ্ধে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হল।

ডিসেম্বর ০৪, ২০১৫
হজ-ওমরাহ নীতি ও প্যাকেজ ২০১৬ খসড়া অনুমোদন - image

হজ-ওমরাহ নীতি ও প্যাকেজ ২০১৬ খসড়া অনুমোদন

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার হজে যাবেন ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন। সরকারিভাবে যাবেন ৫ হাজার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর পশু কোরবানি না দিলে খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী, সচিব ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১০, ২০১৬
নতুন বিধায়কদের সঙ্গে মমতার বৈঠক; শপথ গ্রহণ ২৭মে - image

নতুন বিধায়কদের সঙ্গে মমতার বৈঠক; শপথ গ্রহণ ২৭মে

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে, আগামী ২৭ মে শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ দুপুরে বৈঠক করেন মমতা ব্যানার্জি। মমতার কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই মুলত আলোচনা করেন তৃণমূল নেতারা। এতে শপথ অনুষ্ঠানের রূপরেখা কেমন হবে আর প্রস্তুতি পর্বের দেখভাল কারা করবেন, সেব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি বৈঠকে রাজ্যের আগামী দিনের উন্নয়ন-কৌশল নিয়েও আলোচনা হয়। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে মমতার এই আলোচনায় সিদ্ধান্ত হয়, গতবারের মতো এবার রাজভবনে শপথ নেবে না নতুন মন্ত্রিসভা। মমতা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে যাতে বেশি সংখ্যক অতিথিকে জায়গা দেয়া যায়, সেলক্ষ্যেই রেড রোডে শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। আশপাশের রাজ্যগুলোর মূখ্যমন্ত্রীসহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মে ১৯, ২০১৬
খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ - image

খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

24 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামিকে দুই মাসের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। বড় পুকুরিয়া মামলায় পুর্নাঙ্গ রায়ে এ আদেশ দেয়া হয়। বুধবার এই রায় প্রকাশ করে আদালতের সংশ্লিষ্ট শাখা। মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষে, গত বছরের ১৭ সেপ্টেম্বর আদালত, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দিয়েছিলেন। একই সঙ্গে বলা হয়েছিল, রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, যেহেতু পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, এখন তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এ মামলার অন্য আসামিরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, একেএম মোশারফ হোসেন, সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এর আগে ১/১১ এর জরুরি অবস্থার সময়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমান দুর্নীতি দমন কমিশন) তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। চীনা প্রতিষ্ঠান ‘কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন’-এর সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় মামলাটিতে।

মে ২৪, ২০১৬
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা - image

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

26 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভি জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে কলকাতার প্রশস্ত রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন মমতা ব্যানার্জি। এরপর মমতার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার ১৭ জন নতুন মুখসহ ৪২ জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিজেপি নেতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেস যাদব, ক্রিকেটেটার সৌরভ গাঙ্গুলিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ না জেতার কারণে ওই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা। তবে গত মন্ত্রিসভার নয়জন সদস্য বাদ পড়েছেন এবার। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রীসভার সদস্যদের নিয়ে প্রথমবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করলো তৃণমূল কংগ্রেস।

মে ২৬, ২০১৬
পঞ্চম শ্রেণীতে থাকছে না সমাপনী পরীক্ষা - image

পঞ্চম শ্রেণীতে থাকছে না সমাপনী পরীক্ষা

30 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: প্রাপ্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ৮ম শ্রেণীতে হবে প্রাথমিক স্তরের সমাপনী পরীক্ষা এবং এর একটি নতুন নামও দেয়া হবে। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর ফলে উঠে যাচ্ছে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা। মন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব।’ মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা।

মে ৩০, ২০১৬
যেভাবে জাওয়াহিরিকে খুঁজে পেল সিআইএ - image

যেভাবে জাওয়াহিরিকে খুঁজে পেল সিআইএ

01 আগস্ট 2022, বিকাল 6:00

আফগানিস্তানে মার্কিন হামলায় শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হওয়ার ঘটনা ২০১১ সালে লাদেন হত্যার পর আল-কায়েদার জন্য সবচেয়ে বড় ধাক্কা। তবে বছরের পর বছর ধরে আত্মগোপনে থাকা জাওয়াহিরির অবস্থান শনাক্ত করা যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা সহজ ছিল না। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, জাওয়াহিরিকে খুঁজে বের করে হত্যার এই অভিযান সন্ত্রাসবিরোধী ও গোয়েন্দা বাহিনীর অত্যন্ত সতর্কতা এবং লেগে থাকার ফল। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ঘোষণার আগ পর্যন্ত জাওয়াহিরি পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় বা আফগানিস্তানে আছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) দাবি, যাঁর মৃত্যু হয়েছে, তিনি জাওয়াহিরি কি না, তা অনেকভাবে খতিয়ে দেখে নিশ্চিত হয়েছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জাওয়াহিরি হত্যার অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য প্রদান করেছেন। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার জাওয়াহিরি সমর্থিত একটি নেটওয়ার্ক সম্পর্কে অবগত ছিল এবং গত এক বছরে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে আল-কায়েদার উপস্থিতির বিষয়ে পর্যবেক্ষণ করছিলেন কর্মকর্তারা। চলতি বছর তাঁরা শনাক্ত করেন, জাওয়াহিরির পরিবার কাবুলের একটি বাড়িতে আত্মগোপনে আছেন। পরে জাওয়াহিরিকেও একই স্থানে শনাক্ত করেন কর্মকর্তারা। কয়েক মাস ধরে গোয়েন্দা কর্মকর্তারা আরও নিশ্চিত হন যে কাবুলের ওই গোপন আস্তানায় নিজের পরিবারের সঙ্গে আছেন জাওয়াহিরি। গত এপ্রিলের শুরুতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে ব্রিফিং শুরু করেন তাঁরা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান পরে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি অবহিত করেন। ওই কর্মকর্তা বলেন, ‘অভিযানের জন্য আমরা একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে একটি প্যাটার্ন তৈরি করতে সক্ষম হই।’ কর্মকর্তারা বাড়িটির নির্মাণ-প্রকৃতি যাচাই-বাছাই করে নিশ্চিত করেন যে, বেসামরিক নাগরিকদের কিংবা জাওয়াহিরির পরিবারের ক্ষতি ছাড়াই অভিযান পরিচালনা করা সম্ভব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট বাইডেন গোয়েন্দা তথ্য যাচাই করতে এবং মোক্ষম পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। গত ১ জুলাই সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস ও মন্ত্রিসভার সদস্যরা একটি প্রস্তাবিত অভিযান সম্পর্কে বাইডেনকে ব্রিফ করেন। ২৫ জুলাই প্রেসিডেন্ট বাইডেন তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও উপদেষ্টাদের একটি চূড়ান্ত ব্রিফিং গ্রহণ করেন। জাওয়াহিরিকে হত্যায় অন্যান্য বিষয়ের মধ্যে তালেবানের সঙ্গে আমেরিকার সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে তা নিয়ে আলোচনা করার জন্য ডাকেন। আলোচনায় অন্যদের কাছ থেকে মতামত চাওয়ার পর বেসামরিক হতাহতের ঝুঁকি কম থাকবে এমন শর্তে একটি সুনির্দিষ্ট বিমান হামলার অনুমোদন প্রদান করেন বাইডেন। শেষ পর্যন্ত ৩০ জুলাই স্থানীয় সময় ৯টা ৪৮ মিনিটে ড্রোন হামলা চালানো হয়। তথাকথিত ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই অভিযান সম্পন্ন করা হয়। জাওয়াহিরি বাড়ির ব্যালকনিতে বসে থাকা অবস্থায় ড্রোন হামলা হয়। এতে জাওয়াহিরি ছাড়া আর কারও প্রাণহানি হয়নি।

আগস্ট ০১, ২০২২
ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার - image

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার

05 সেপ্টেম্বর 2022, বিকাল 6:00

নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান বাংলাদেশের সরকারপ্রধান। তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা জানানো হয়। ভারতীয় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা হেঁটে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন এবং শেখ হাসিনা তাঁর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মোদিকে পরিচয় করিয়ে দেন। জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও একান্ত আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি প্রেস বিবৃতি জারি করা হবে। পরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। মঙ্গলবার শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তাঁর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। পরে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার কথা রয়েছে।

সেপ্টেম্বর ০৫, ২০২২
২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি - image

২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি

01 নভেম্বর 2022, বিকাল 6:00

২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী ২০২৩ সালে নির্বাহী ও সাধারণ মিলিয়ে সরকারি ছুটি ২২ দিন থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।” সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়; যা এখনো চলছে। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২২ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে দিবস, ৪ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৯ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। অন্যদিকে, আগামী বছরের ৮ মার্চ শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন (২১ ও ২৩ এপ্রিল) এবং ঈদুল আজহার আগে ও পরের ২ দিন ২৮ ও ৩০ জুন এবং ২৯ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

নভেম্বর ০১, ২০২২
২০ এপ্রিল হাইকোর্টে ছুটি ঘোষণা - image

২০ এপ্রিল হাইকোর্টে ছুটি ঘোষণা

15 এপ্রিল 2023, বিকাল 6:00

পবিত্র শবে কদরের ছুটির পরদিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর আগে ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ও ঈদ-পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করে।এতে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ঈদ-পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।এতে আরও বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ঈদের আগে অর্থাৎ পবিত্র শবে কদরের পরদিন ২০ এপ্রিল থেকেই ছুটি শুরু হবে। গত ১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়, সেজন্য নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আগে শবে কদরের ছুটি ১৯ এপ্রিল (বুধবার)। তার পরদিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এ একদিন ছুটি থাকলে ২৯ রোজা ধরে পাঁচদিন ছুটির দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। মন্ত্রিসভা বৈঠকেও তা আলোচনায় আসে। এক দিন বাড়তি ছুটি ঘোষণা করায় রোজার ওপর ভিত্তি করে এবারের সরকারি ছুটি পাঁচ বা ছয় দিন হবে।

এপ্রিল ১৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo