logo
youtube logotwitter logofacebook logo

নগদ

রান্নাবিষয়ক টিভি রিয়্যালিটি শো - image

রান্নাবিষয়ক টিভি রিয়্যালিটি শো

03 সেপ্টেম্বর 2016, বিকাল 6:00

“মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬” এর জন্য এন্ট্রি আহ্বান দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে টিভি রিয়্যালিটি শোÑ“মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬” প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ‘মিজান’ ফর্টিফাইড পাম অলিনের পৃষ্ঠপোষকতায় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এবং টিভি চ্যানেল এটিএন বাংলা রিয়্যালিটি শো’টি পরিবেশন করছে। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে সপ্তাহে দুটি করে মোট ১৩টি পর্বে এটিএন বাংলায় রিয়্যালিটি শো’টি সম্প্রচার করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৬ এর মধ্যে এন্ট্রি পাঠাতে হবে। প্রতিটি এন্ট্রিতে চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে পরিবেশনযোগ্য বাংলাদেশি মেইন ডিসের একটি রেসিপি, প্রতিযোগীর পাসপোর্ট সাইজ ছবি, প্রতিযোগীর বিভাগের নামসহ পূর্ণ যোগাযোগ ঠিকানা ও তথ্য থাকতে হবে। একজন প্রতিযোগী একাধিক এন্ট্রি পাঠাতে পারবেন। প্রাপ্ত রেসিপির ভিত্তিতে একটি অভিজ্ঞ জুরি কমিটি দেশের সাতটি বিভাগের প্রতিটি থেকে ৭ জন করে প্রতিযোগীকে রিয়্যালিটি শো'তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন। প্রতিটি বিভাগের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্বের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন। রন্ধনশৈলী ও অন্যান্য বিবেচনায় প্রতিটি বিভাগীয় প্রতিযোগিতা থেকে ২ জনকে পরবর্তী পর্যায়ের জন্য বাছাই করা হবে। দ্বিতীয় পর্বে ৭টি বিভাগের মোট ১৪ জন প্রতিযোগী ২টি গ্র“পে প্রতিযোগিতায় অবর্তীর্ণ হবেন। এ পর্যায়ে প্রতিটি গ্র“প থেকে শ্রেষ্ঠ ৩ জনকে পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হবে। এ পর্বে ৬ জন প্রতিযোগী থেকে ৫ জন পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবেন। এভাবে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪ জন রন্ধনশিল্পীর মধ্য থেকে সেরা রন্ধনশিল্পী ও দ্বিতীয় সেরা রন্ধনশিল্পী নির্বাচিত করা হবে। সেরা রন্ধনশিল্পী, প্রথম ও দ্বিতীয় রানার-আপ প্রত্যেকে নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভ করবেন। এ ছাড়াও একজন প্রতিযোগীকে পুষ্টিজ্ঞানের জন্য “অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি” প্রদান করা হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীও বিভিন্ন পুরস্কার লাভ করবেন। বিভাগীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপকে ক্রেস্ট প্রদান করা হবে।

সেপ্টেম্বর ০৩, ২০১৬
আজ সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে - image

আজ সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

28 নভেম্বর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৯ নভেম্বর, মঙ্গলবার) রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে রিয়েলিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৬’। আজ প্রচার হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দেশের অন্যতম এই রন্ধনশিল্প প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। সেরা রন্ধনশিল্পীর পাশাপাশি ছাড়াও প্রথম ও দ্বিতীয় রানার আপ এবং পুষ্টিজ্ঞান বিবেচনায় অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি অর্জনকারীকে পুরস্কৃত করা হবে। সারাদেশের সাতটি বিভাগ থেকে বাছাইকৃত মোট ৪৯ জন রন্ধনশিল্পী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট ১২টি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা পাঁচজন ফাইনাল এবং গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করার সুযোগ পান। গ্র্যান্ড ফাইনালিস্ট হলেনÑ চট্টগ্রামের নাছরিন আক্তার সুমি, ঢাকার নাহিদ সুলতানা ও মৌরী ইসরাত খান, রংপুরের দিলরুবা বেগম ফ্যান্সি এবং সিলেটের মাশিয়াত বিনতে লুৎফুর মিশু। গ্র্যান্ড ফিনালে পর্বে প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহকৃত উপকরণ ব্যবহার করে একটি সালাদ আইটেম তৈরি এবং পরিবেশন করবেন। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার এলড্রিজ ম্যাক ইভান, স্যু শেফ মো. আলী এবং এমিরেটস্রে এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান। ফাইনাল ও গ্র্যান্ড ফিনালে পর্বে পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিজয়ীদের নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার অন্যান্য পর্বগুলোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কল্পনা রহমান, নূর আয়েশা চাকলাদার, তাহেরা ওয়াহিদ, লবি রহমান, নাফিজ ইসলাম লিপি এবং মো. আলী।

নভেম্বর ২৮, ২০১৬
ইউসিবি পাবলিক পার্লামেন্টোর গ্র্যান্ড ফিনালে আজ - image

ইউসিবি পাবলিক পার্লামেন্টোর গ্র্যান্ড ফিনালে আজ

06 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০৭ জানুয়ারি) বেলা ১১টা ১০মিনিটে প্রচার হবে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত বছরের ২৩ জুলাই বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ শ্লোগানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ইবাইস ইউনিভার্সিটি এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। আজ গ্র্যান্ড ফিনালেতে ‘রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি রোধ করতে’ শীর্ষক প্রস্তাব এর পক্ষে সরকারী দল হিসেবে অংশ নিবে ইবাইস ইউনিভার্সিটি আর বিরোধী দল হিসেবে অংশগ্রহন করবে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিও থেকে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সেলিম দৌলা খান।

জানুয়ারি ০৬, ২০১৭
ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’ - image

ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’

07 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ শ্লোগানে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ এর এবারের বিজয়ী দল ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’। গতকাল (০৭ জানুয়ারি) বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয় ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি এটিএন বাংলা সকাল ১১টা০৫মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে’র বিষয় ছিল “এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে”। প্রস্তাবের পক্ষে সরকারী দল হিসেবে অংশ নেয় ইবাইস ইউনিভার্সিটি। আর বিরোধী দল হিসেবে অংশগ্রহন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। সরকারী দলের প্রধানমন্ত্রী-মোঃ রিয়াজুল ইসলাম, মন্ত্রী- অনিতা ইসলাম এবং সংসদ সদস্য- মাসুদ সিকদার। বিরোধী দলের দলনেতা- হাফিজ উদ্দীন মুন্না, উপনেতা- মোঃ জহিরুল হক এবং সংসদ সদস্য- মোঃ জোবায়ের সর্দার মার্জিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার জনাব এএফএম আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) জনাব নওয়াজীশ আলী খান, ইবাইস ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম দৌলা খান। সংসদীয় ধারার এই প্রতিযোগিতায় উত্থাপিত প্রস্তাব “এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে” সংসদে গৃহীত না হওয়ায় ‘না’ জয়যুক্ত হয়। এবং এরই প্রেক্ষিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয় ইবাইস ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান অজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় আগত অতিথি, বিচারকগনকে সম্মাননা প্রদান করা হয়।

জানুয়ারি ০৭, ২০১৭
সেরা রন্ধনশিল্পী-২০১৭ এর কার্যক্রম শুরু - image

সেরা রন্ধনশিল্পী-২০১৭ এর কার্যক্রম শুরু

21 মে 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: দেশের সুপ্ত রন্ধনশিল্প প্রতিভা অন্বেষণের লক্ষ্যে টিভি রিয়্যালিটি শোÑ“মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৭” প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ‘মিজান’ ফর্টিফাইড পাম অলিনের পৃষ্ঠপোষকতায়, ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এবং জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা রিয়্যালিটি শো’টি পরিবেশন করছে। এ উপলক্ষে ২০ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলম, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিপণন ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান এবং ন্যাশনাল হোটেল এন্ড টুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ. চৈাধুরী। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১০ জুলাই, ২০১৭ এর মধ্যে এন্ট্রি পাঠাতে হবে। প্রতিটি এন্ট্রিতে চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে পরিবেশনযোগ্য বাংলাদেশি মেইন ডিসের একটি রেসিপি, প্রতিযোগীর নাম, পাসপোর্ট সাইজ ছবি, বিভাগের নামসহ পূর্ণ যোগাযোগ ঠিকানা ও তথ্য থাকতে হবে। একজন প্রতিযোগী একাধিক এন্ট্রি পাঠাতে পারবেন। ৮টি বিভাগের প্রতিযোগীরা মোট ৪টি অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রাপ্ত রেসিপির ভিত্তিতে একটি অভিজ্ঞ জুরি কমিটি প্রতিটি অঞ্চল থেকে ৮ জন করে প্রতিযোগীকে রিয়্যালিটি শো’তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন। রন্ধন ও পরিবেশনাশৈলী, পুষ্টিজ্ঞান এবং অন্যান্য বিবেচনায় শ্রেষ্ঠ প্রতিযোগীরা পরবর্তী পর্বগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। আসলাম শিকদারের পরিচালনায় আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে সপ্তাহে অনুষ্ঠানটি এটিএন বাংলায় সম্প্রচারিত হবে। সেরা রন্ধনশিল্পী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৩ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার-আপ পাবেন যথাক্রমে ১ লাখ এবং ৫০ হাজার টাকা। এ ছাড়াও একজন প্রতিযোগীকে পুষ্টিজ্ঞানের জন্য সম্মানজনক “অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি” প্রদান করা হবে। বিস্তারিত তথ্য bangladeshmonitor.net/rondhonshilpi ওয়েব লিংকে পাওয়া যাবে।

মে ২১, ২০১৭
ডলারের বিপরীতে টাকার আরো দরপতন, বাড়ছে সংকট - image

ডলারের বিপরীতে টাকার আরো দরপতন, বাড়ছে সংকট

10 আগস্ট 2022, বিকাল 6:00

খোলাবাজারে ডলারের বিপরীতে টাকার আরো দরপতন হয়েছে। এক দিনের ব্যবধানে গতকাল বুধবার ডলারের দাম চার টাকা বেড়ে ১১৯ টাকায় উঠেছে, যা দেশের ইতিহাসে খোলাবাজারে সর্বোচ্চ। গত সোমবারও এই দাম ছিল ১১৫ টাকা ৬০ পয়সা। আর গত ২৬ জুলাই ডলারের দাম ছিল ১১২ টাকা। এদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৮ থেকে ১১০ টাকার ওপরে বিক্রি হচ্ছে ডলার। দামে রেকর্ড হওয়ার পরও ডলারসংকট দেখা গেছে। এর প্রভাব পড়ছে বিদেশগামী সাধারণ মানুষ, ভোক্তা, ব্যবসায়ী থেকে শুরু করে সবার ওপর। অনৈতিক ব্যবসা : খোলাবাজারের ব্যবসায়ীদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের ভয়ে ডলার বিক্রি বন্ধ রয়েছে। চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিক মুনাফা করে সংকট বাড়াচ্ছেন। অভিযানসহ নানা অজুহাত দেখিয়ে তাদের কেউ কেউ ডলার কেনা বন্ধ রেখেছেন। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা ডলার কেনা বন্ধ রেখেছেন। অথচ সুযোগ বুঝে কম দামে কিনে রাখা ডলার বিক্রি করছেন চড়া দামে। ডলার লাগলে মোবাইল ফোনে যোগাযোগ করে বাইরে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। খোলাবাজারে সাধারণ গ্রাহক ডলার কিনতে গেলে তাদের পাসপোর্ট, ভিসা, টিকিট দেখিয়ে এখন ডলার দেওয়া হচ্ছে, যা আগে ছিল উন্মুক্ত। মতিঝিল, পল্টন ও গুলশান এলাকার বেশির ভাগ মানি এক্সচেঞ্জে এখন ডলারের সংকট। রপ্তানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় অনেক বাড়ায় কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রিসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খোলাবাজারে ডলারের কারসাজি থামাতে রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে সম্প্রতি একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনাবেচায় অনিয়মের অপরাধে গত সপ্তাহে রাজধানীর পাঁচ মানি চেঞ্জার প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সিলগালা করে দেওয়া হয়েছে ৯টি প্রতিষ্ঠান। আর কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৪২টি প্রতিষ্ঠানকে। এর পরও অভিযুক্ত মানি এক্সচেঞ্জ, কিছু ব্যাংকের কারসাজি থামেনি। উল্টো অভিযানের অজুহাতে কেউ কেউ হাত গুটিয়ে বসে আছেন। জানতে চাইলে গুলশান-২-এর এএসএন মানি এক্সচেঞ্জের পরিচালক সলিম উল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘দেশে মাত্র ২৩৫টি মানি চেঞ্জার বৈধ, আর ৬০০-র বেশি মানি চেঞ্জার অবৈধ, যাদের বিরুদ্ধে নিয়ম না মেনে লেনদেনের অভিযোগ রয়েছে। যারা বৈধ প্রতিষ্ঠান তারা পাসপোর্টের মাধ্যমে ডলার কেনে, পাসপোর্টের মাধ্যমে বিক্রি করে। পাসপোর্ট, ভিসা, টিকিট না থাকলে আমরা ডলার বিক্রি করছি না। ’ অতিমুনাফায় জড়িত ছয় ব্যাংক : ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগ ব্যাংকের টাকা ও ডলারের জোগান ও চাহিদার বিষয়টি নিশ্চিত করে থাকে। বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো কোনো ব্যাংক ডলার কেনাবেচা করে এক মাসে ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। যার মাধ্যমে ডলারের বাজার আরো অস্থিতিশীল করে তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়। সামনে আরো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ডলার কেনাবেচায় অতিমুনাফার কারণে আমরা ছয়টি ব্যাংককে চিঠি দিয়েছি। আরো কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডলার বিক্রিও অব্যাহত রেখেছি। গতকালও আমরা ৯৫ টাকা করে ১১৪ মিলিয়ন ডলার বিক্রি করেছি। খোলাবাজারেও আমাদের পরিদর্শন কার্যক্রম অব্যাহত আছে। ’ টাকার অবমূল্যায়ন ১২.২ শতাংশ : ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন অব্যাহত আছে। সর্বশেষ গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ৩০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্ত ব্যাংকে প্রতি ডলার ৯৫ টাকা দরে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যা এখন পর্যন্ত আনুষ্ঠানিক দর। এর ফলে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার ১২.০২ শতাংশ অবমূল্যায়ন হলো। অন্যদিকে কিছু বাণিজ্যিক ব্যাংকে ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত মূল্যে নগদ ডলার বিক্রি হচ্ছে। জানতে চাইলে চট্টগ্রামের ভোগ্য পণ্য আমদানিকারক ও অসীম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দাস কালের কণ্ঠকে বলেন, ‘ডলারের দাম যে হারে বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন। দুই-তিন মাস আগেও দেশে ডলারের দাম ছিল ৮৬ টাকার মধ্যে। ব্যাংকগুলো এলসি পেমেন্টে ১০৮ টাকার বেশি নিচ্ছে। ডলারের দাম হঠাৎ করে ২৫ শতাংশ বাড়ায় এর প্রভাব পড়ছে নানামুখী। এখন এলসি করে পণ্য আসতে আসতে রেট অনেক বেড়ে যাচ্ছে। আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে। এতে ভোক্তার ওপর চাপ বাড়ছে। সামগ্রিকভাবে পরিস্থিতি সংকটময়। ’ আমদানি কমলেও ডলারের সরবরাহ বাড়ছে না : আমদানি খরচ বাড়ায় গত মে মাস থেকে দেশে ডলারের সংকট চলছে। আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগে জুলাইয়ে ব্যয় কমেছে ৩১ শতাংশ। একে স্বস্তিকর অবস্থা হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাই মাসে আমদানি হয়েছে ৫৪৭ কোটি ডলারের পণ্য, যা আগের মাসের চেয়ে প্রায় ৩ শতাংশের ১ শতাংশ কম। এর পরও ডলারের সরবরাহ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না কেন—জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ কালের কণ্ঠকে বলেন, ‘ডলারের সরবরাহ কম হওয়ার ক্ষেত্রে মূল কারণ এলসির নিশ্চয়তাদানকারী বিদেশি ব্যাংকের এডি কনফারমেশনে আস্থা কমে যাওয়া। বাংলাদেশে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হওয়ায় তারা ট্রেডলাইন ক্রেডিট (আমদানি বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সুবিধা) সুবিধা এক-তৃতীয়াংশ কমিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি যেখানে ডলারের প্রয়োজন, সেখানেই এই সংকট সৃষ্টি হয়েছে। ’ করণীয় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ সরকারকে বিদেশি ব্যাংকের আস্থা বাড়াতে আলোচনায় বসতে হবে। টাকার আরো বড় অবমূল্যায়ন দরকার যাতে ব্যাংক ও খোলাবাজারের পার্থক্য কমে। তাহলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আরো বাড়বে। পাইপলাইনে থাকা উন্নয়ন সহায়তার অর্থ দ্রুত ছাড় করতে ইআরডিকে উদ্যোগ নিতে হবে। আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবির মতো সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা নিতে হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আনতে আরো ছাড় দিতে হবে। অনাবাসি বাংলাদেশিদের বিনিয়োগের জন্য পুঁজিবাজার, বন্ড মার্কেটের পাশাপাশি নিত্যনতুন সুযোগ তৈরি করে দিতে হবে। ’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক মুখে বলছে, কিন্তু বাস্তবে তা পুরোপুরি করছে না। ডলারের সরবরাহ বাড়ানোর চেষ্টা করতে হবে। রপ্তানি বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই নতুন বাজার সন্ধান করতে হবে।

আগস্ট ১০, ২০২২
ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে: এবিবি চেয়ারম্যান - image

ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে: এবিবি চেয়ারম্যান

19 নভেম্বর 2022, বিকাল 6:00

অ্যাসোসিয়েশনের অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেছেন, বর্তমানে ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে। আমরা সম্মানিত গ্রাহকদের আশ্বস্ত করতে চাই, ব্যাংকগুলোতে তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা গ্রাহকদের অনুরোধ করবো, গুজবে বিশ্বাস না করার জন্য। রোববার (২০ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমরা সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকগুলোতে তারল্য নিয়ে অনেক গুজব লক্ষ্য করছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, আমাদের কাছে পর্যাপ্ত তারল্য নেই। গ্রাহকদের নগদ টাকা তুলতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। আমরা এবিবি’র পক্ষ থেকে বলতে চাই, এসব তথাকথিত তথ্যের কোনো ভিত্তি নেই এবং এগুলো অসত্য। এবিবি চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে এসব নেতিবাচক খরব দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে বিদেশে আমাদের প্রবাসীদের মধ্যেও এই গুজবটি ছড়ানো হচ্ছে, যাতে তারা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে অনুৎসাহিত হন। এগুলো খুবই দুঃখজনক। এই গুজব প্রচারকারীরা আমাদের গ্রাহকদের, সমাজের এবং দেশের ক্ষতি করছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকও সবাইকে আশ্বস্ত করেছে। বর্তমানে ব্যাংকগুলোতে তারল্যের কোনো ঘাটতি নেই। ১ লাখ ৬০ হাজার কোটি টাকাও বেশি অতিরিক্ত তারল্য আছে। গত পঞ্চাশ বছরে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংককে ব্যর্থ হতে দিয়েছে, এমন কোনো নজির নেই। বাংলাদেশ ব্যাংক তো বলেই দিয়েছে, কোনো ব্যাংকের অসুবিধা হলে তারা এগিয়ে আসবে। অতীতেও আমরা দেখেছি ব্যাংকিং খাতে কোনো সংকট হলে বাংলাদেশ ব্যাংক এগিয়ে এসেছে। সেলিম আর. এফ. হোসেন আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও দিকনির্দেশনায় ব্যাংকিং খাত যখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করছে এবং সরকারের প্রণোদনার ওপর ভর করে অর্থনীতি যখন মহামারি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে, তখন এ ধরনের অপপ্রচার চালানো দুঃখজনক। সরকার ও বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় ও গ্রাহকদের আস্থায় ব্যাংকগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে এবং রাখবে বলে আমরা বিশ্বাস করি।

নভেম্বর ১৯, ২০২২
তুরস্কে ত্রাণ পাঠাল রোহিঙ্গা শরণার্থীরা - image

তুরস্কে ত্রাণ পাঠাল রোহিঙ্গা শরণার্থীরা

15 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের দশটি প্রদেশের মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা। সম্প্রতি তাদের পক্ষ থেকে ঢাকায় তুরস্কের একটি সংস্থার কাছে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, কম্বল ও জ্যাকেট হস্তান্তর করা হয়। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গারা নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে তুরস্কের মানুষের জন্য ৭০০ কম্বল এবং ২০০ জ্যাকেট কিনে দিয়েছে। গত মঙ্গলবার তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকেএ) ঢাকা অফিসে কিছু নগদ অর্থসহ ওই কম্বল এবং জ্যাকেটগুলো পৌঁছে দেন রোহিঙ্গা প্রতিনিধিরা। টিআইকেএ বাংলাদেশের প্রধান সেভকি মের্ত বরিস বলেন, ‘তুরস্কের জাতীয় সংকটকালে আমাদের জন্য বাংলাদেশি জনগণের আন্তরিক সমর্থন দেখে আমরা খুবই আনন্দিত, এবং রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে অনুদান দেখে খুবই আনন্দিত।’ রোহিঙ্গা নেতা সাহাত জিয়া হিরো আনাদোলু এজেন্সিকে বলেন, ‘তুরস্ক আমাদের সংকটের (রোহিঙ্গা সংকট) শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে। তাদের এমন দুঃসময়ে আমরা কীভাবে কিছু না করে অলস বসে থাকি?’ এ অনুদানকে ‘ভালোবাসার উপহার’ বলে উল্লেখ করে জিয়া বলেন, ‘আমাদের অর্থনৈতিক সামর্থ্য সীমিত, তারপরও যা দিতে পেরেছি এটি আমাদের পক্ষ থেকে তুর্কি ভাই ও বোনদের জন্য সীমাহীন ভালবাসা এবং সংহতি বহন করে।’ গত ৬ ফেব্রুয়ারি ভোরে ও দুপুরে যথাক্রমে ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্কের দশটি প্রদেশ। ওই ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে প্রতিবেশী দেশ সিরিয়াও। এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও দেশ দুটিতে লাশের মিছিল থামেনি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১৮ জনে। এদিকে বিধ্বস্ত এলাকায় তীব্র শীতে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। ভূমিকম্পে যারা প্রাণে বেঁচে গেছেন তারাও খাদ্য, শীতকাপড় এবং নিরাপদ আশ্রয়ের অভাবে কষ্টে দিন পার করছেন।

ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে : সালমান এফ রহমান - image

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে : সালমান এফ রহমান

05 এপ্রিল 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় ৩-৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগেই ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কাজ করছি। এরই মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমাকে ফোন করেছেন। বিষয়টি নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আর্থিক অনুদানের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এদিকে বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যবসায়ীরা। বুধবার (৫ এপ্রিল) শাহবাগ থানায় গিয়ে জিডি করেন ব্যবসায়ীরা।

এপ্রিল ০৫, ২০২৩
৩৭ বছর পর ‘ঢাকা টোকাই’ আবার জার্মানির ওবারহাউজেন চলচ্চিত্র উৎসবে - image

৩৭ বছর পর ‘ঢাকা টোকাই’ আবার জার্মানির ওবারহাউজেন চলচ্চিত্র উৎসবে

29 এপ্রিল 2023, বিকাল 6:00

দীর্ঘ ৩৭ বছর পর আবারও জার্মানির আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল, ওবারহাউজেন-এ ‘প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ঢাকা টোকাই’। ৬৯তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল, ওবারহাউজেন এর ‘গ্লোবাল ভিলেজ’ শিরোনামে চলচ্চিত্র উৎসবটি গত ২৬ এপ্রিল শুরু হয়েছে। চলবে আগামী ১ মে পর্যন্ত। চলচ্চিত্রটির প্রধান পরিচালক কানাডার টরন্টো প্রবাসী চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল জানান, ১৯৮৬ সালে প্রখ্যাত জার্মান প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টফ হুবনারের তত্ত্বাবধানে দুটি গ্রুপে ‘ঢাকা টোকাই’ ও ‘ঢাকা রিক্সা’ নির্মিত হয়। এনায়েত করিম বাবুলের নেতৃত্বে ১৯৮৬ সালে ‘ঢাকা টোকাই’ চলচ্চিত্রটি নির্মাণ সম্পন্ন হয় এবং তারেক মাসুদের নেতৃত্বে ‘ঢাকা রিক্সা’ ১৯৮৮ সালে সমাপ্ত হয়। জার্মান কালচারাল সেন্টার (গেঁটে ইনস্টিটিউট) বাংলাদেশ, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের প্রযোজনায় চলচ্চিত্র দুটি নির্মিত হয়। ‘ঢাকা টোকাই’ গ্রুপ সদস্যদের মধ্যে ছিলেন প্রয়াত মোশারফ হোসেন, মিশুক মুনীর, মেজবাউল ইসলাম, জুনায়েদ হালিম, শ্যামল দত্ত, সন্টু সারকার, আহসান শাহরিয়ার, দিলদার হোসেন, এবং প্রয়াত রাশেদুন নবী। সম্পাদনায় ছিলেন নুরুন নবী, চিত্রগ্রহণে আমির হোসেন ও মিশুক মুনীর। নেগেটিভ কেটেছিলেন বিএফডিসির মোশারাফ হোসেন। ‘ঢাকা টোকাই’ ৩২তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল, ওবারহাউজেন, জার্মানিতে ‘বেস্ট ইয়ুথ অ্যাওয়ার্ড’ লাভ করে। সেই সময় খবরটি ঢাকার দৈনিক ও বিনোদন পত্রিকায় ছাপা হয়। দৈনিক ইত্তেফাকের বিনোদন পাতায় এনায়েত করিম বাবুলের সাক্ষাৎকার ও খবর ছাপা হয়। জার্মানির ওবারহাউজেন এ পুরস্কার পাওয়া উপলক্ষে জার্মান কালচারাল সেন্টারের পরিচালক পিটার জেভিস পার্টিতে সবার হাতে অ্যাওয়ার্ডের সনদ ও নগদ অর্থ প্রদান করেন। সেই অনুষ্ঠানে প্রযোজনার তিনটি সংগঠনের সদস্য ও সংগঠকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘ঢাকা রিক্সা’ গ্রুপে ছিলেন তারেক মাসুদ, সুশীল সুত্রধর, পুলক গুপ্ত, জাহিদুর রাহিম অঞ্জন প্রমুখ। গ্লোবাল ভিলেজ শিরোনামে ক্রিস্টফ হুবনারের ১৯৮০ সালে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাচবারন কার্ল’ এবং ‘ঢাকা টোকাই’ প্রামাণ্যচিত্র রি-সিলেক্টটেড হয়েছে। প্রায় ৩০০ দর্শকের সাথে সিনেমার পরে মুক্ত আলোচনায় ক্রিস্টফ হুবনার অংশগ্রহণ করবেন। এতে অনলাইন এ কানাডা থেকে চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল ও ম্যানিলা থেকে গবেষক মারব অংশগ্রহণ করবেন।এই আলোচনা এবং প্রদর্শনের মধ্য দিয়ে প্রবীণ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টফ হুবনার’কে সম্মান জানানো হবে। ৩৫ মি.মি. এ নির্মিত ১৭ মিনিটের সাদা কালো ‘ঢাকা টোকাই’ প্রামাণ্য চলচ্চিত্রটি আগামী ১ মে জার্মানি সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে দেখানো হবে।

এপ্রিল ২৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo