logo
youtube logotwitter logofacebook logo

ডোনাল্ড

করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। - image

করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে।

02 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। এসময় তাঁর মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো। তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে। তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ভালো আছেন।

অক্টোবর ০২, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। - image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ খবর জানান। হাসপাতাল থেকে ধারণ করা এই ভিডিওতে তিনি আরো বলেন, সুস্থ বোধ করলেও সামনের কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এসময় নির্বাচনী প্রচারণা শেষে করার ব্যাপারেও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য খুব সঙ্কটপূর্ণ। গত শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। পরে তাদের চিকিৎসার জন্য ওয়শিংটনের কাছেই এক সামরিক হাসপাতালে নেয়া হয়।

অক্টোবর ০৩, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

04 অক্টোবর 2020, বিকাল 6:00

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষায় নেয়া তাঁর বিভিন্ন পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসনীয়। তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী আশা করেন, দ্রুত সুস্থ হয়ে অফিসে ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প।

অক্টোবর ০৪, ২০২০
উহানে ফের করোনার হানা, লকডাউনে ১০ লাখ মানুষ - image

উহানে ফের করোনার হানা, লকডাউনে ১০ লাখ মানুষ

27 জুলাই 2022, বিকাল 6:00

চীনের উহানেই প্রথম শনাক্ত হয়েছিল করোনাভাইরাস। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর রূপ নেয় মহামারিতে। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা এই মহামারি এখনও শেষ হয়নি। উপরন্তু বিশ্বের অনেক দেশেই সম্প্রতি বেড়েছে সংক্রমণ। আর এর মধ্যেই সেই উহানেই আবার হানা দিয়েছে করোনাভাইরাস। এরপরই সেখানে লকডাউন আরোপ করেছে চীনা কর্তৃপক্ষ। এতে করে ফের কঠোর বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়েছেন প্রায় ১০ লাখ মানুষ। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহানের জিয়াংজিয়া জেলায় চারজন করোনা রোগী শনাক্তের পর সেখানকার বাসিন্দাদের তিন দিনের জন্য তাদের বাড়িতে বা আঙিনার ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা শনাক্ত হওয়া ওই চারজনই উপসর্গবিহীন। করোনা মহামারির শুরু থেকে ‘জিরো কোভিড’ পলিসি অবলম্বন করে আসছে চীন। এই নীতির অধীনে কোনো এলাকায় একজন করোনায় আক্রান্ত হলেও গণভাবে সবার নমুনা পরীক্ষা, কঠোর আইসোলেশন নিয়ম, স্থানীয়ভাবে লকডাউন আরোপসহ বিভিন্ন কৌশল অনুসরণ করে দেশটি। আর এর ফলে বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক কম মৃত্যু হয়েছে। কিন্তু চীনের এই ‘জিরো কোভিড’ পলিসি ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছে। কারণ দেশটির মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিধিনিষেধের চাপের ক্ষতির মুখে পড়ছে। বিবিসি বলছে, নিয়মিত পরীক্ষায় চীনের উহানে দু’দিন আগে দু’টি উপসর্গবিহীন রোগী শনাক্ত হয়। এরপর কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দু’জন করোনা রোগী শনাক্ত হয়। আর এরপরই এক কোটি ২০ লাখ জনসংখ্যার শহরের একটি অংশে লকডাউন জারি করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথমে বলা হয়েছিল, উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেট থেকেই প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে প্রথম যে ব্যক্তি মারা যান, তার ওই মার্কেটে নিয়মিত যাতায়াত ছিল। ৬১ বছর বয়স্ক ওই ব্যক্তি যখন মারা যান, তখনও এই রোগের নাম নির্দিষ্ট করা হয়নি। চীনের সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘অপরিচিত ধরনের নিউমোনিয়ায়’ আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই দাবি করে আসছে, চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো একধাপ এগিয়ে গিয়ে কোভিড-১৯ কে ‘‘চীনা ভাইরাস’’ হিসেবে অভিহিত করেছিলেন। যদিও, চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, করোনাভাইরাসের উত্‍‌স নির্দিষ্ট কোনো একটা জায়গা নয়। একাধিক উত্‍‌স থেকে কোভিড-১৯ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অবশ্য চীনের এই দাবির সঙ্গে বিশ্বের বেশিরভাগ দেশই একমত নয়।

জুলাই ২৭, ২০২২
বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প - image

বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

03 সেপ্টেম্বর 2022, বিকাল 6:00

কথার উত্তাপে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। দিন দুয়েক আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘চরমপন্থী’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তাদের আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। আর এবার সেই কথার জবাবে জো বাইডেনকে পাল্টা আঘাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তিনি দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আজ রোববার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসাবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দাও জানান তিনি। ফ্লোরিডায় নিজের বাড়িতে এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে কয়েক সপ্তাহ আগের এই ঘটনাটি। এ সময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।’ তার দাবি, বাইডেন প্রশাসন ওই অভিযানটি তত্ত্বাবধান করেছে এবং মার্কিন বিচার বিভাগ ও এফবিআই হোয়াইট হাউস থেকে স্বাধীনভাবে কাজ করার যে দীর্ঘস্থায়ী প্রোটোকল রয়েছে এটি তার বিরোধী। উইল্কস-বারে শহরের সমাবেশে উল্লাসরত সমর্থকদের ট্রাম্প বলেন, ‘আইনের মারাত্মক এই অপব্যবহার ‘ ‘এমন প্রতিক্রিয়া তৈরি করতে চলেছে যা কেউ কখনো দেখেনি।’ এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ মতাদর্শকে লালন করা রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এ ধরনের মতাদর্শের বিরুদ্ধে সমর্থকদের লড়াই করার আহ্বানও জানান তিনি।

সেপ্টেম্বর ০৩, ২০২২
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী - image

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

13 জানুয়ারি 2023, বিকাল 6:00

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকায় আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, ডোনাল্ড লু তার সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। ডোনাল্ড লু তিন দিনের ভারত সফর শেষে আজ রাতে ঢাকায় পৌঁছবেন। দিল্লিতে তিনি ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেন। ভারত সফরে তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই সফরে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে। ওয়াশিংটনের কী বার্তা তিনি নিয়ে আসছেন তা জানতে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। ঢাকায় অবস্থানকালে ডোনাল্ড লু সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করার বিষয়ে আলোচনার পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কে জানবেন। এই সফর নিয়ে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। তার সঙ্গে আমরা গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করব। তারা যদি কোনো গঠনমূলক পরামর্শ দেয়, আমরা সেটি গ্রহণ করব। ডোনাল্ড লুর সফরে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে কী ধরনের আলোচনা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্র ও মানবাধিকার শেখানোর কিছু নেই। কারণ এটা আমাদের মজ্জাগত। গণতন্ত্র ও মানবাধিকার আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। তবে কেউ যদি কোনো পরামর্শ দেয়, সেটা আমরা শুনব। যাচাই-বাছাই করব, সেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক কি না। যদি ভালো হয়, তবে সেটা গ্রহণ করব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের খুব একটা আপত্তি নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, আমরা এটা নিয়ে স্টাডি করছি। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদান করলে যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা যোগদান করব। প্রসঙ্গত, ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কিরগিজিস্তান এবং আলবেনিয়াতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন পররাষ্ট্র দফতরে কাজ করা ডোনাল্ড লু পাকিস্তানের পেশোয়ারে পলিটিক্যাল অফিসার (১৯৯২-১৯৯৪) হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ সহকারী (১৯৯৬-১৯৯৭) এবং পলিটিক্যাল অফিসার (১৯৯৭-২০০০) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জানুয়ারি ১৩, ২০২৩
হাথুরুসিংহের কাজটা কী আসলে? প্রশ্ন সুজনের - image

হাথুরুসিংহের কাজটা কী আসলে? প্রশ্ন সুজনের

01 মে 2023, বিকাল 6:00

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই থাকছেন তিনি। এখন থেকে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে এই অস্ট্রেলিয়ানকে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন সিডন্স। তাহলে জাতীয় দলে ব্যাটিং পরামর্শক হিসেবে কে কাজ করবেন? স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন ওঠে। আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে সোমবার (১ মে) বিসিবি পরিচালক ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে এমন প্রশ্ন করা হলে তিনি পাল্টা জিজ্ঞাসা করেন, প্রধান কোচ হাথুরুসিংহের কাজটা কী তাহলে? সুজনের এই প্রশ্নে স্পষ্ট, হাথুরুসিংহেই ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন। সঙ্গে এটিও জুড়ে দিলেন এত কোচেরও প্রয়োজন নেই, ‘হাথুরুসিংহেতো নিজেই ব্যাটিং পরামর্শক। এতো লোকের দরকার কী আসলে। আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুরুর কাজটা কী হবে আসলে। প্রধান কোচ ও ব্যাটিং কোচ অবশ্যই’ -এভাবেই বলছিলেন সুজন। সুজন বলেন, ‘জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ, সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা আসল দরকার, প্ল্যাটফর্ম। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে ভালো ফল পাবো বলে আমি মনে করি।’ কথার প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজও। সুজন বাংলাদেশকেই ফেভারিট হিসেবে দেখছেন, ‘বাংলাদেশ এই ফরম্যাটে এখন ভালো দল। ৩-০ ছাড়া আর কিছু দেখতেছি না আমি আসলে।’ তিন ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছে। ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। ৯ মে থেকে শুরু হবে সিরিজ। বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অধীনে এই সিরিজের ম্যাচগুলো হবে চেমসফোর্ডে।

মে ০১, ২০২৩
হোয়াইট হাউসের ঈদ উদযাপনে ঢুকতে বাধা মুসলিম মেয়রকে - image

হোয়াইট হাউসের ঈদ উদযাপনে ঢুকতে বাধা মুসলিম মেয়রকে

01 মে 2023, বিকাল 6:00

গত সোমবার (১ মে) হোয়াইট হাউজে পবিত্র রমজান মাসের শেষ এবং ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক জাঁকজমক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ মুসলিমদের উৎসব নিয়ে আয়োজিত সেই অনুষ্ঠানেই ঢুকতে পারলেন না দেশটির এক মুসলিম মেয়র।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আল-জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার ঈদুল ফিতরের অনুষ্ঠানে যোগ দিতে হোয়াইট হাউজে পৌঁছানোর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রসপেক্ট পার্কের মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহকে ফোন করে জানানো হয়, তাকে প্রবেশের অনুমতি দেয়নি গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস। ফলে তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। সিরীয় বংশোদ্ভূত খায়রুল্লাহ জানান, তাকে কেন হোয়াইট হাউজে ঢোকার অনুমতি দেয়নি, তা জানায়নি সিক্রেট সার্ভিস। অনুষ্ঠানে যোগদানে বাধা পাওয়ার বিষয়টি আমেরিকান-ইসলামিক রিলেশনসের নিউ জার্সি কাউন্সিলকে জানিয়েছেন মুসলিম এ নেতা। সংগঠনটি এফবিআইয়ের তথাকথিত ‘টেররিস্ট স্ক্রিনিং ডেটা সেট’-এর তথ্য প্রচার বন্ধ করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি খায়রুল্লাহকে জানিয়েছে, তার নাম ও জন্মতারিখসহ এক ব্যক্তি এফবিআই’র ওই ডেটা সেটে ছিলেন, যা তাদের অ্যাটর্নিরা ২০১৯ সালে পেয়েছিলেন। গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি সত্যতা নিশ্চিত করে বলেন, খায়রুল্লাহকে হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দেয়া হয়নি। তবে কেন দেয়া হয়নি, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ ও। নিউ জার্সিতে ফিরে যাওয়ার সময় এক টেলিফোন সাক্ষাত্কারে খায়রুল্লাহ বলেন, “এটি আমাকে বিস্মিত, হতবাক ও হতাশ করেছে।“ ক্ষমতায় থাকতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করেছিলেন। তার এই পদক্ষেপের অন্যতম কঠোর সমালোচক ছিলেন মেয়র খায়রুল্লাহ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রসপেক্ট পার্কের মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ গত জানুয়ারিতে পঞ্চমবারের মতো নির্বাচিত হন।

মে ০১, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা যুক্তরাষ্ট্রের - image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা যুক্তরাষ্ট্রের

03 মে 2023, বিকাল 6:00

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।  ওয়াশিংটন ডিসিতে নবম বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপ চলাকালে শেখ হাসিনার প্রশংসা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরে বুধবার এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া নুল্যান্ড নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংলাপ চলাকালে মোমেন তার মার্কিন সমকক্ষকে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর জাপান সফর এবং পরে ওয়াশিংটন ডিসি সফর সম্পর্কে মার্কিন পক্ষকে অবহিত করেন। তিনি বাংলাদেশের সম্প্রতি প্রকাশিত ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির রূপরেখাও শেয়ার করেছেন। রাষ্ট্রদূত নুল্যান্ড নিজ নিজ ইন্দো-প্যাসিফিক নথিতে দুই দেশের মধ্যে অভিন্নতার ক্ষেত্র উল্লেখ করেছেন। পররাষ্ট্র সচিব মোমেন তার মার্কিন সমকক্ষকে স্থানীয় ও জাতীয় উভয় পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মার্কিন পক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ার প্রশংসা করেছে। পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার কর্মকাণ্ডের কিছু ইতিবাচক অগ্রগতিও শেয়ার করেছেন। তিনি র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত নুল্যান্ড বাংলাদেশ সরকারের এই বছরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করার ঘোষণার প্রশংসা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগ আকৃষ্ট করার জন্য শ্রম খাতের সংস্কারের সাথে অব্যাহত অগ্রগতির গুরুত্বের ওপর জোর দেন। উভয় পক্ষই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে ক্রমবর্ধমান এবং প্রাণবন্ত ব্যবসায়িক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে। তারা বাংলাদেশে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ব্যবসায়িক ব্যস্ততা বাড়াতে সাইবার নিরাপত্তা এবং ডাটা সুরক্ষার বিষয়ে আরও কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন। রাষ্ট্রদূত নুল্যান্ড মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আতিথেয়তায় বাংলাদেশের অসাধারণ উদারতার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব মোমেন তাকে রোহিঙ্গাদের জন্য তহবিলের সর্বশেষ পরিস্থিতি এবং সীমিত সংখ্যক রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন পাইলট প্রকল্প সম্পর্কে অবহিত করেন। উভয় পক্ষই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু রোহিঙ্গাদের পুনর্বাসন কার্যক্রমকে আরও বাড়াতে সম্মত হয়েছে। উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তাদের মতামত বিনিময় এবং এ বিষয়ে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় অংশীদারিত্ব সংলাপের দশম রাউন্ডে আন্ডার সেক্রেটারি নুল্যান্ডকে আমন্ত্রণ জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, রাষ্ট্রদূত ডোনাল্ড লু এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপে উপস্থিত ছিলেন।

মে ০৩, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo