logo
youtube logotwitter logofacebook logo

আমির খসরু মাহমুদ চৌধুরী

পুলিশ দিয়ে গুলি করে আন্দোলনকে দমন করতে চায় সরকার: ফখরুল - image

পুলিশ দিয়ে গুলি করে আন্দোলনকে দমন করতে চায় সরকার: ফখরুল

31 জুলাই 2022, বিকাল 6:00

পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে সরকার আন্দোলনকে দমন করতে চায় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভোলায় দলের নেতা-কর্মীদের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ কখনও ফ্যাসিবাদি আওয়ামী সরকারকে ভয় করবে না। আজ সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত গায়েবানা জানাযায় অংশ নেওয়ার পূর্বে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশের গুলিতে আমার দলের গণতন্ত্রকামী ভাইয়ের রক্ত ঝড়েছে, রক্ত ঝড়েছে ভোলায় বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে, গুলি বর্ষণ করেছে। গুলি করে স্বেচ্ছসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে। শুধু আব্দুর রহিম নয় আমাদের দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীকে গুলিবর্ষণ করে আহত করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, একটা শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ সমাবেশে এই ফ্যাসিবাদি শেখ হাসিনা আওয়ামী সরকারের পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে তারা জানান দিয়েছে পুলিশ দিয়ে নির্যাতন করে গুলিবর্ষণ করে তারা আন্দোলনকে দমন করতে চায়। কিন্তু ভোলায় দলের নেতা-কর্মীদের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ কখনও ফ্যাসিবাদি সরকার আওয়ামী সরকারকে ভয় করবে না। তিনি বলেন, তারা দেশকে মুক্ত করবার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তাদের জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও তারা সেই চেষ্টা করবে। আমরা সেই রক্ত বৃথা যেতে দিতে পারি না। তাই এই শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। তার এই রক্ত দেওয়া ও আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে আরও গতিশীল বেগমান হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত হতে হবে। এ সময় মির্জা ফখরুল দলের নিহত আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন দলের নেতা কর্মীদের সুস্থতা কামনা করেন। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স, আব্দুস সালাম আজাদ, প্রচার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এনপিপির চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপাএকাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

জুলাই ৩১, ২০২২
গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি - image

গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি

29 এপ্রিল 2023, বিকাল 6:00

গণতান্ত্রিক বাম ঐক্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির লিয়াঁজো কমিটির নেতারা। রবিবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও লিয়াঁজো কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও লিয়াঁজো কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব ও লিয়াঁজো কমিটি সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। এ ছাড়া বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের সচিব হারুন আল রশিদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বৈঠকে অংশ নিয়েছেন।

এপ্রিল ২৯, ২০২৩
আমীর খসরুর বাসা ঘিরে রেখেছে পুলিশ - image

আমীর খসরুর বাসা ঘিরে রেখেছে পুলিশ

28 অক্টোবর 2023, বিকাল 6:00

হরতালের দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে আমির খসরুর বনানীর বাসা ঘিরে রাখে পুলিশ। এ সময় বাসার ভেতরে অবস্থান করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বাসায় ঘিরে রাখা হয়েছিল। প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মহাসমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বক্তব্য দিচ্ছিলেন, সে সময় পুলিশের একটি দল সাঁজোয়া যানসহ এগিয়ে আসতে থাকে নয়াপল্টনের দিকে। সেখানে ছররা গুলি-টিয়ার শেল ছোড়া হয়। আমীর খসরুর বক্তব্যের পর পরই সভামঞ্চের মাইক বন্ধ হয়ে যায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা বসে পড়েন। ১০ মিনিটের ব্যবধানে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের তোপের মুখে পুরো এলাকার নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা নেমে যান মঞ্চ থেকে। এ সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি হ্যান্ডমাইকে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা-গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল। তিনি পুলিশের সঙ্গে ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলার নিন্দা জানান এবং আজকের হরতাল সফল করার আহ্বান জানান।

অক্টোবর ২৮, ২০২৩
অবরোধের দ্বিতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ - image

অবরোধের দ্বিতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ

05 নভেম্বর 2023, বিকাল 6:00

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ শরিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এদিন সকালে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই গাড়ি, রিকশা, সিএনজির পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। এ সময় কথা হয়, বেসরকারি চাকরিজীবী আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, অবরোধ চললেও অফিস তো খোলা রয়েছে, তাই সকাল সকাল বের হয়েছি। আবার অফিসে না গেলে বেতন কাটা পড়বে। তাই বাধ্য হয়েই বের হতে হয়েছে। কিন্তু বের হয়ে দেখি রাস্তাও অনেক ফাঁকা, আগে সময়মতো অফিসে পৌঁছাতে সমস্যা হলেও অবরোধে সেই সমস্যা হয় না। কথা হয় নটর ডেম কলেজের ছাত্র আশিক হোসেনের সঙ্গে। তিনি বলেন, অবরোধ চললেও ক্লাস খোলা রয়েছে। আজ সকাল ৮টায় ক্লাস আছে। পড়ালেখা তো আর বন্ধ করা যাবে না। তাই ক্লাসের জন্য বের হয়েছি। অবরোধের বিষয়টি মাথায় আছে, তাই একটু সাবধানে চলাফেরার চেষ্টা করছি। এদিকে অবরোধে যেন সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় কথা হয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতার ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তবে সকাল থেকে রাজধানীতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াত ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে। এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা। হরতালের দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন। হরতালের পর মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে হয়।

নভেম্বর ০৫, ২০২৩
কারাগারে নেতাকর্মীরা দম বন্ধকর জীবনযাপন করছেন : রিজভী - image

কারাগারে নেতাকর্মীরা দম বন্ধকর জীবনযাপন করছেন : রিজভী

12 জানুয়ারি 2024, বিকাল 6:00

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অত্যাচারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মী কারাবন্দি হয়ে এখনো দম বন্ধকর জীবনযাপন করছেন। তাদের সব মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা হয়েছে। শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছেন। রিজভী আরও বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচসহ বিশ্বের প্রায় সব মানবাধিকার সংগঠন, অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজসহ বিভিন্ন দেশের কূটনীতিক—রাজনৈতিক প্রভাবশালীরা শেখ হাসিনার কারচুপিপূর্ণ নির্বাচন বাতিল করে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন আহ্বান জানিয়েছে। সুতরাং তামাশার নির্বাচন বাতিল ও রাজবন্দিদের মুক্তির দাবি এখন আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত হচ্ছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে আগামীতে দেশে জনগণের ভোটে সরকার গঠিত হলে প্রতিটি টাকার হিসাব দিতে হবে বলে উল্লেখ করে রিজভী।

জানুয়ারি ১২, ২০২৪
তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ - image

তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20 জানুয়ারি 2026, বিকাল 3:45

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ হয়।এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহদী আমিন। সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।/টিএ

জানুয়ারি ২০, ২০২৬
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন যারা - image

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন যারা

17 ফেব্রুয়ারি 2026, বিকাল 3:50

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যারা:মির্জা ফখরুল ইসলাম আলমগীরআমির খসরু মাহমুদ চৌধুরীসালাহউদ্দিন আহমদইকবাল হাসান মাহমুদহাফিজ উদ্দিন আহমেদআবু জাফর মো. জাহিদ হোসেনড. খলিলুর রহমানআব্দুল আওয়াল মিন্টুকাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদমিজানুর রহমান মিনুনিতাই রায় চৌধুরীখন্দকার আব্দুল মুক্তাদিরআরিফুল হক চৌধুরীজহির উদ্দিন স্বপনমোহাম্মদ আমিন উর রশীদআফরোজা খানম (রিতা)মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিআসাদুল হাবিব দুলুমো. আসাদুজ্জামানজাকারিয়া তাহেরদীপেন দেওয়ানআ ন ম এহসানুল হক মিলনসরদার মো. সাখাওয়াত হোসেনফকির মাহবুব আনামশেখ রবিউল আলম প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন:এম রশিদুজ্জামান মিল্লাতঅনিন্দ্য ইসলাম অমিতমো. শরিফুল আলমশামা ওবায়েদ ইসলামসুলতান সালাউদ্দিন টুকুকায়সার কামালফরহাদ হোসেন আজাদমো. আমিনুল হকমীর মোহাম্মদ হেলাল উদ্দিনহাবিবুর রশিদমো. রাজিব আহসানমো. আব্দুল বারীমীর শাহে আলমমো. জুনায়েদ আব্দুর রহিমইশরাক হোসেনফারজানা শারমিনশেখ ফরিদুল ইসলামমো. নুরুল হক নুরইয়াসের খান চৌধুরীএম ইকবাল হোসেইনএমএ মুহিতআহম্মদ সোহেল মঞ্জুরববি হাজ্জাজআলী নেওয়াজ মাহমুদ খৈয়াম /টিএ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা দিলেন অর্থমন্ত্রী - image

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা দিলেন অর্থমন্ত্রী

06 এপ্রিল 2026, বিকাল 7:30

জাতীয় সংসদে প্রশ্নোত্তরে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রীর তথ্যামতে, দেশের ব্যাংকিং খাতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।সোমবার (৬ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের লিখিত জবাবে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকাও সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী, এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় আছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড। এ সময় খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, যেসব ব্যাংকে শ্রেণি করা ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে আলোচনা করা হচ্ছে। কোন কোন বাধায় ঋণ আদায় ব্যাহত হচ্ছে, তা চিহ্নিত করে ব্যাংকগুলোর কাছ থেকে কর্মপরিকল্পনাও নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি ব্যাংকার্স সভায় ব্যাংকভিত্তিক শীর্ষ ২০ ঋণখেলাপি ও শ্রেণিকৃত ঋণ আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়। অর্থমন্ত্রী বলেন, যেসব ব্যাংকে শ্রেণি করা ঋণের হার বেশি, সেগুলোর জন্য ‘শ্রেণিকৃত ঋণ রেজল্যুশন স্ট্র্যাটেজি’ বিষয়ে গাইডলাইন প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক।ইচ্ছাকৃত ঋণখেলাপি শনাক্তে ২০২৪ সালের ১২ মার্চ জারি করা বিআরপিডি সার্কুলার নম্বর ৬-এর কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক-কোম্পানি আইনে সংজ্ঞায়িত ‘উইলফুল ডিফল্টার’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালা জারি করা হয়েছে। ব্যাংকগুলোর বিদ্যমান লিগ্যাল টিম বা আইন বিভাগ শক্তিশালী করতে বিআরপিডি সার্কুলার নম্বর ১৪/২০২৪-এর মাধ্যমে নির্দেশনাও দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতি অনুসরণ করে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রতিটি ব্যাংকের খেলাপি ঋণস্থিতির ন্যূনতম ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ বিষয়ে বিআরপিডি সার্কুলার নম্বর ১১/২০২৪-এর মাধ্যমে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।’খেলাপি ঋণ সমস্যা সমাধানে আরও কিছু কর্মপরিকল্পনা নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী।তার মধ্যে রয়েছে, ব্যাংক কোম্পানি আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অর্থঋণ আদালত আইন, ব্যাংকরাপ্সি অ্যাক্টসহ সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের উদ্যোগ; স্বল্পমেয়াদি কৃষিঋণ পুনঃতপশিল নীতিমালা পর্যালোচনা; খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার তালিকা প্রকাশের উদ্যোগ; ভালো ঋণগ্রহীতাদের জন্য প্রণোদনা নীতিমালা হালনাগাদ; একজন ঋণগ্রহীতা সমগ্র ব্যাংকিং খাত থেকে কত সর্বোচ্চ ঋণ নিতে পারবেন, তার সীমা নির্ধারণ; কিছু ক্ষেত্রে সাধারণ খেলাপিদের ওপরও ইচ্ছাকৃত খেলাপিদের জন্য প্রযোজ্য ব্যবস্থা আরোপের লক্ষ্যে আইনি সংস্কার; অর্থঋণ আদালতের বিচারক প্যানেল বা জুরি বোর্ডে অভিজ্ঞ ব্যাংকার অন্তর্ভুক্তি; রিটের মাধ্যমে ঋণ আদায় কার্যক্রম স্থবির হওয়া ঠেকাতে ব্যবস্থা এবং বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের জন্য আইন প্রণয়ন।

এপ্রিল ০৬, ২০২৬
বাইকার-অটোরিকশাচালকদের দুঃসংবাদ দিল সরকার - image

বাইকার-অটোরিকশাচালকদের দুঃসংবাদ দিল সরকার

14 মে 2026, বিকাল 6:03

নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব বাড়াতে একের পর এক কর-ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। নিত্যপণ্যে উৎসে কর বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট এবং ব্যাটারিচালিত রিকশা-মোটরসাইকেল নিবন্ধনে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাবে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আজ (১৪ মে)  বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের গুরুত্বপূর্ণ বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্ব বৈঠকে আরও অংশ নেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব, বাণিজ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ বাজেটসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এসব বিষয় বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।প্রথা অনুযায়ী প্রতিবছর বাজেট প্রণয়নের আগে এনবিআর বাণিজ্য সংগঠন, খাতভিত্তিক অ্যাসোসিয়েশন, বিভাগীয় ও জেলা চেম্বার, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকে প্রাপ্ত সুপারিশ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একটি রূপরেখা তৈরি করা হয়। সেই রূপরেখা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনবিআর।এরই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে এনবিআর। এতে রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় যেমন-ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা, করপোরেট কর হার, রপ্তানির উৎসে কর, পণ্য ও সেবার ওপর ভ্যাট-সম্পূরক শুল্ক আরোপের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন। সে অনুযায়ী বাজেট চূড়ান্ত করা হয়।সূত্র জানায়, এবারের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে নিত্যপণ্য সরবরাহে উৎসে কর বাড়ানোর পরিকল্পনা আছে। ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, গবাদি পশু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, বছালা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি, বীজ, পাটকাঠি, সরিষা, তিল, কাঁচা চা-পাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পাট সরবরাহের উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হতে পারে। এতে বাজারে এসব পণ্যের দাম বাড়তে পারে।পাশাপাশি রপ্তানি প্রণোদনার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনার জন্য সরকার ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী অর্থবছরেও রপ্তানি পরিস্থিতি ও প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে উৎসে করের হার দ্বিগুণ করার মাধ্যমে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে।/টিএ 

মে ১৪, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo