logo

স্বাস্থ্য খাত

‘শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো উচিত’ - image

‘শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো উচিত’

23 জুন 2016, 6:00 PM

শিক্ষাখাতে চলতি অর্থ বছরের বাজেট আরও বাড়ানো উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে পর্যবেক্ষণ ও মতামত দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ছাড়াও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত গুরুত্ব দেয়া উচিত। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক এম আবু ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা তাদের বাজেট পর্যবেক্ষণে জানান, রাজস্ব অবকাঠামো দুর্বলতা, অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা, সুশাসনের অভাবসহ নানা কারণে প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নে সংসদীয় কমিটি ও স্থানীয় সরকারের আরও বেশি সংশ্লিষ্টতা প্রয়োজন বলেও মত দেন তারা।

জুন ২৩, ২০১৬
স্বাস্থ্য খাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি : প্রধানমন্ত্রী - image

স্বাস্থ্য খাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি : প্রধানমন্ত্রী

10 মে 2023, 6:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোট একটা ভূখণ্ড বিশাল জনগোষ্ঠী, সামাল দেওয়া কষ্ট হলেও আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা স্বাস্থ্য খাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘স্মার্ট বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা শীর্ষক’ উচ্চ পর্যায়ের সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা বা ওষুধ খাওয়ানো নয়– সেই সঙ্গে সঙ্গে তার খাদ্য, পুষ্টি নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সার্বিক যে শিক্ষা দেওয়া- সেই ব্যবস্থা বাংলাদেশ নিয়েছে। এটা ভুললে চলবে না। তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পরই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল প্রায় ১৮ হাজার কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার হবে। যেখানে সাধারণ মানুষ বিশেষ করে মহিলা ও শিশুরা হেঁটে গিয়েই চিকিৎসাসেবা নিতে পারবে। ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। তাই পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসে, তারা সে পরিকল্পনা বন্ধ করে দেয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আবার সেই উদ্যোগ নিই। তিনি বলেন, বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। বর্তমান সরকার পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছে। স্বাস্থ্যক্ষেত্রে গবেষণায় গুরুত্ব দিয়েছি। সেই সঙ্গে মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।

মে ১০, ২০২৩
গর্বের পদ্মা সেতুর এক বছর - image

গর্বের পদ্মা সেতুর এক বছর

24 জুন 2023, 6:00 PM

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু আজ থেকে ঠিক এক বছর আগে উদ্বোধন করা হয়। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হলেও ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দক্ষিণাঞ্চলের মানুষের নতুন প্রাণ দিয়েছে এই সেতু। এখন খুব সহজেই মানুষ রাজধানী ঢাকায় থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরে যেতে পারছে। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত এক বছরে ম্যাজিকের মতো বেড়েছে এই জনপদের জায়গার দাম। উন্নত হয়েছে মানুষের জীবনযাত্রার মান। সেতুর দুই পারের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প-পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিকাশ ঘটেছে। বিশেষ করে কৃষিজাত দ্রব্য দ্রুত রাজধানী ঢাকায় পৌঁছে যাচ্ছে। আগে ফেরি সংকটে অথবা যানজটে পড়ে পদ্মা নদী পার হতে না পেরে তরমুজ বোঝাই শতাধিক গাড়ি আটকে পড়ার কাহিনী কারও অজানা নয়। শুধু তরমুজই নয়, মাদারীপুর থেকে আনা কলাই শাক, শরীয়তপুর থেকে আনা নানা ধরনের সবজি, ফরিদপুর থেকে আনা খেজুরের রস, বরিশাল ও পটুয়াখালী থেকে আনা তরমুজ, বাঙ্গি, আমড়া ও মুরগির ডিমবাহী ট্রাকও পদ্মার পাড়ে আটকে থাকতো, ঘণ্টা পর ঘণ্টা, দিনের পর দিন। ফলে এসব পচনশীল পণ্য গরমে নষ্ট হয়ে যেতো। যা ফেলে দিতে বাধ্য হতেন ব্যবসায়ীরা। আবার কেউ কেউ এসব পণ্য কম দামে বিক্রি করে দিয়ে লোকসানের পরিমাণ কিছুটা কমিয়ে বাড়ি ফিরতেন খালি হাতে। পদ্মা সেতু চালু হওয়ার পর এমন পরিস্থিতির অবসান হয়েছে বলে স্বস্তিতে আছেন পদ্মার ওপারের কৃষিজীবী মানুষের। কৃষকরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সময়মতো সকল পণ্য তারা শহরে পৌঁছে দিতে পারছেন। এতে কোনো লোকসানে পড়তে হচ্ছে না। এছাড়া ২১ জেলার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সহজাত হয়েছে কৃষিজাত পণ্য বাজারজাত করা। পরিবহনে গুনতে হচ্ছে না বাড়তি অর্থ। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ই স্বস্তিতে আছেন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০ দশমিক ১২ মিটার বা ৪৯২ দশমিক ৫ ফুট এবং চওড়ায় ২২ দশমিক ৫ মিটার বা ৭৪ ফুট। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। গত এক বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকার বেশি। সেতু বিভাগ জানায়, ২০২২ সালের ২৬ জুন ভোর ৬টা থেকে শুরু হওয়া পদ্মা সেতুতে চলতি বছরের ২০ জুন পর্যন্ত ৩৬২ দিনে ৫৬ লাখ ২৬ হাজার ৯৪৯টি গাড়ি যাতায়াত করেছে। ওইসব গাড়ির টোল থেকে আয় হয়েছে ৭৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার টাকা। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ৬৩২ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

জুন ২৪, ২০২৩
ঢামেককে ৪০০০ শয্যার আধুনিক হাসপাতাল করা হবে : প্রধানমন্ত্রী - image

ঢামেককে ৪০০০ শয্যার আধুনিক হাসপাতাল করা হবে : প্রধানমন্ত্রী

09 জুলাই 2023, 6:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকে ৪ হাজার শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর করতে যাচ্ছে, কারণ হাসপাতালটি ক্রমবর্ধমান রোগীর চিকিৎসায় সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রধানমন্ত্রীর সোমবার (১০ ‍জুলাই) তার অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢামেকের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দানকালে এ কথা বলেন। ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনাই ট্রাস্ট কলেজের শহীদ ডা: শামসুল আলম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। সরকারপ্রধান বলেন, ‘ঢাকা মেডিক্যালে ক্রমবর্ধমান রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাই আমরা ঢাকা মেডিক্যালকে সুন্দর, আধুনিক এবং বড় হাসপাতালে পরিণত করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছি। কারণ, এই হাসপাতাল থেকে যাতে একই সময় ৪ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।’ তিনি বলেন, ‘আমরা আশা করি, আমরা খুব শিগগির (ঢাকা মেডিক্যালকে ৪ হাজার শয্যার হাসপাতালে পরিণত করার) কাজ শুরু করতে পারব।’ শেখ হাসিনা বলেন, বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান সামনের দিনগুলোতে বিকাশ লাভ করবে। তাই বাংলাদেশকেও একই গতি বজায় রেখে এগিয়ে যেতে হবেচিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার সংখ্যা আমাদের দেশে কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুষ্টিমেয় ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় নিয়োজিত আছেন।’তিনি বলেন, ‘কাজেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণার প্রতি আমাদের আরো বেশি মনোযোগ দেয়া উচিত। কারণ বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানের ওপর পর্যাপ্ত গবেষণা খুবই প্রয়োজনীয়।’প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণা চালাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

জুলাই ০৯, ২০২৩
সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী - image

সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

09 সেপ্টেম্বর 2023, 6:00 PM

সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্ব পরিবারের সমান সদস্য হিসেবে আমাদের অবশ্যই মর্যাদাপূর্ণ জীবন এবং সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার সংকল্প করতে হবে।’ শনিবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ভারতের নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ লিডারস সামিট ২০২৩-এ এক অধিবেশনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন। এই প্রসঙ্গে তিনি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনে একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে জি-২০ নেতাদের কাছে পাঁচটি সুপারিশ করেছেন। সুপারিশগুলো হলো : প্রথম- টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন জি-২০ -সহ সকল বহুপক্ষীয় উদ্যোগের আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিৎ। দ্বিতীয়- স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য জি-২০ এর উচিৎ শুল্কমুক্ত, কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখা এবং একতরফা ট্যারিফ অগ্রাধিকার এবং ট্রিপস ছাড়ের সম্প্রসারণকে সমর্থন ও সহজতর করা, যাতে নির্বিঘ্ন ও টেকসই রূপান্তর নিশ্চিত করা যায়। তৃতীয়- কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মসৃণ, সময়োপযোগী ও প্রত্যাশিত সরবরাহ নিশ্চিত করতে জি-২০ ঝুঁকিপূর্ণ অর্থনীতির বাজার উন্মুক্ত রেখে তাদের পাশে দাঁড়াতে পারে। চতুর্থ- শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীকে (বিশ্বের জনসংখ্যার অর্ধেক) সমান মনোযোগ দিতে হবে। পঞ্চম- বিশ্বব্যাপী মানব উন্নয়ন নিশ্চিত করার জন্য অংশীদার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনদের সহায়তায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিদেশীয় সহযোগিতা জোরদার করতে হবে। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অর্থনীতিকে বিবেচনায় রেখে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে। আমি বিশ্বাস করি জি-২০ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়ায় সহায়ক হবে।’ প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারী, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হয়েছে এবং খাদ্য, জ্বালানি ও সারের সঙ্কট সারা বিশ্বের মানুষের জীবনযাপনের ওপর অসহনীয় অবস্থা চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘যদিও আমরা এক পৃথিবী, এক পরিবারের কথা বলি; আমরা কি তা প্রমাণের মতো কিছু করছি? প্রতি রাতে ৮০০ মিলিয়নেরও বেশি মানুষ বা বিশ্ব জনসংখ্যার ১০ শতাংশ, না খেয়ে ঘুমায়। যেখানে, বিশ্ব প্রতি বছর সামরিক খাতে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার ব্যয় করে, সেখানে মাত্র ২৬ ঘণ্টার জন্য সামরিক ব্যয় হয় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। যা দিয়ে সবচেয়ে নাজুক সম্প্রদায়ের খাবার ব্যবস্থা করা যেতে পারে।’ এছাড়াও তিনি বলেন, বিশ্বব্যাপী বছরে নষ্ট হওয়া খাদ্য দিয়ে ২ বিলিয়ন মানুষকে খাওয়ানো যেতে পারে। তিনি আরো বলেন, ‘দুঃখজনকভাবে ধনী দেশগুলো বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মতো দরিদ্রদের জন্য সাহায্য কমিয়ে দিচ্ছে।’ বাংলাদেশের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সাড়ে ১৪ বছরে বাংলাদেশ অভূতপূর্ব আর্থ-সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দারিদ্র্য ৪১ দশমিক ৫ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে, চরম দারিদ্র্য ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে এবং মাথাপিছু আয় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এসডিজি বাস্তবায়ন ও অর্জনের জন্য একটি 'হোল অব সোসাইটি' (একটি নির্দিষ্ট দেশ বা এলাকায় বসবাসকারী মানুষের সমগ্র গোষ্ঠী) পদ্ধতি গ্রহণ করেছি। বাংলাদেশ ২০২১ সালে এসডিজি অগ্রগতি পুরস্কার পেয়েছে।’ তিনি উল্লেখ করেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষার হার ২০০৬ সালের ৪৫ শতাংশ থেকে গত দেড় দশকে ৭৫ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৮ শতাংশ। তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যেখানে গড় আয়ু ২০০৬ সালে ৫৯ বছর থেকে এখন ৭৩ বছরে উন্নীত হয়েছে। তিনি আরো বলেন, ‘আমাদের শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৮৪ থেকে কমে এখন ২১ এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৩৭০ থেকে ১৬১ হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ১৮ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। জাতিসঙ্ঘ একটি রেজুলেশন গৃহীত করে এই প্রচেষ্টাকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা কোভিড-১৯ ব্যবস্থাপনায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছি। প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি শক্তিশালী চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট-২০২২ অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, আধুনিক, উন্নত দেশ তথা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই।’

সেপ্টেম্বর ০৯, ২০২৩
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী - image

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

17 সেপ্টেম্বর 2023, 6:00 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।লন্ডনে চার ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিশ্বনেতারা ৭৮তম ইউএনজিএ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে জমায়েত হবেন। আন্তর্জাতিক এই সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘বিশ্বাস পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার : ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে ত্বরান্বিত পদক্ষেপ, টেকসই উন্নয়ন লক্ষে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সবার জন্য স্থায়িত্বের দিকে’। এ সফরে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে ভাষণ দেবেন তিনি। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন-অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয় তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন। এরমধ্যে আগামীকাল সোমবার নিউইয়র্কের রকফেলার সেন্টারে ইউএনআইডিও ও ডেলয়েট আয়োজিত ‘খাদ্যের জন্য চিন্তা– খাদ্য সরবরাহ চেইন উদ্ভাবনের জন্য এসডিজিকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী মূল বক্তব্য দেবেন।

সেপ্টেম্বর ১৭, ২০২৩
১৫ বছরে ব্যাংক থেকে লোপাট  ৯২ হাজার কোটি টাকা : সিপিডি - image

১৫ বছরে ব্যাংক থেকে লোপাট ৯২ হাজার কোটি টাকা : সিপিডি

22 ডিসেম্বর 2023, 6:00 PM

আর্থিক অনিয়মের মাধ্যমে গত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে  ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই পরিমাণ অর্থ লুটপাট হয়। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির কার্যালয়ে ‌‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণসহ নানা ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। বিভিন্ন সময়ে ব্যাংকে যে কেলেঙ্কারি বা অনিয়ম হয় সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদ মাধ্যমে আসে। ফাহমিদা খাতুন বলেন, ‘এগুলোকে কম্পাইল করে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। বিশাল এই অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসেব করতে পারেন। আপনারা হিসেব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত? সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা কী করতে পারতাম।’ ফাহমিদা খাতুন আরও বলেন, ‘এ টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে। ব্যাংকে যে টাকা, সেটি জনগণের টাকা। সেটা কীভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়। সেই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং খাতে নিয়মকানুন বাস্তবায়ন ও সংস্কার একেবারেই জরুরি হয়ে পড়েছে।’

ডিসেম্বর ২২, ২০২৩
উচ্চ মূল্যস্ফীতিতে বাড়ছে মানসিক চাপ - image

উচ্চ মূল্যস্ফীতিতে বাড়ছে মানসিক চাপ

03 ফেব্রুয়ারি 2024, 6:00 PM

দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানসিক চাপ বাড়ছে। দ্রব্যমূল্য দিন দিন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মূল্যস্ফীতি এমন পর্যায়ে চলে যাচ্ছে মধ্যবিত্ত এখন নিম্নবিত্তে পরিণত হচ্ছে। আর নিম্নবিত্ত মহাসংকটে পড়ছে। মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। যাদের সঞ্চয় নেই, তারা ঋণ করছে। ফলে মানুষের ওপর চাপ বেড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে দিন দিন সংকট আরও বেড়ে যাবে। নীলফামারীতে আশিকুর মোল্লা বাবু নামে একজন ব্যবসায়ী স্ত্রী ও দুই শিশুকন্যাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। আশিকুরের চাচাতো ভাই জাকির হোসেন মোল্লা বলেন, ‘বাবার মৃত্যুর পর ব্যাংক থেকে নেওয়া ২২ লাখ টাকা ঋণ শোধ করতে গিয়ে আশিকুরের ব্যবসার পুঁজি শেষ হয়ে যায়। পাশাপাশি তিনি যে রাখিমালের ব্যবসা করতেন সেখানেও বড় ধরনের লস করেছেন। তার গোডাউনে রাখা রসুন সব পচে গেছে। নতুন করে ব্যবসা করতে পৈতৃক কিছু জমি বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু চূড়ান্ত রেজিস্ট্রি করতে গেলে শরিকরা বাধা হয়ে দাঁড়ায়। এসব কারণে হতাশ হয়ে বেশ কিছুদিন ঘরবন্দি ছিলেন আশিকুর। মানসিক বিপর্যয় থেকে তিনি এই কাজ করে থাকতে পারেন।’ সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নেহাল করিম বলেন, ‘আমাদের দেশটা পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে ধনীরা আরও ধনী হচ্ছে। গরিব আরও গরিব হচ্ছে। এই ব্যবসায়ী আশিকুর মোল্লা, তার ন্যূনতম একটা সম্মানবোধ আছে। তিনি তো নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লার ছেলে। ফলে সম্মানবোধ থেকে তিনি হয়ত এই কাজ করেছেন। কিন্তু আমাদের দেশে তো হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি হয়ে অনেকেই আয়েশে জীবনযাপন করছেন। তাদের ওই সম্মানবোধটাই নেই। এখন পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে গরিব আরও গরিব হচ্ছে।’ আশিকুর মোল্লার স্ত্রী তহুরা বেগমের ছোট ভাই মো. আসাদুজ্জামান বলেন, ‘অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আশিকুর। তিনি মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। ঘটনার পর তার বাসা থেকে বেশ কয়েকটি চিকিৎসার ব্যবস্থাপনাপত্র জব্দ করেছে পুলিশ। সব ব্যবস্থাপনাপত্র মনোরোগ চিকিৎসকদের। এ ছাড়া ঘরের ভেতরে বিছানার পাশ থেকে রক্তাক্ত চাকু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানদের হত্যার পর ওই চাকু দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আশিকুর। তবে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত পুরো ঘটনা বোঝা যাচ্ছে না।’ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘মানুষ অনেক সময় হতাশা থেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে সবাই একই ধরনের চিন্তা করেন না। হয়ত কোনো একটা সমস্যার কারণে একজন আত্মহত্যার পথে গেলেন। আবার একই ধরনের সমস্যা অন্য আরেকজন অন্যভাবে সমাধান করছেন। এগুলো নির্ভর করে মানসিক চাপ কে কতটা নিতে পারছে। নীলফামারীর এই ঘটনাটাতে যেটা মনে হচ্ছে, তিনি হতাশা থেকে এটা করেছেন। স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থেকেই হয়তো তাদের হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে যে চিন্তা থেকেই এটা করে থাকুক না কেন, সেটা ইতিবাচক নয়। কোনো পরিবারে যদি কেউ এই ধরনের হতাশায় ভোগেন, তাহলে দ্রুত মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এই ধরনের মানুষ যেকোনো সময় যেকোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবনযাত্রায় সৃষ্টি করেছে এক টালমাটাল অবস্থা। আয়-ব্যয়ের সংযোগ ধরে রাখতে না পেরে অনেকেই ভুগছেন অশান্তিতে। অস্থিরতা মানুষের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের ভয়। মৌলিক চাহিদাগুলো পূরণও এখন বেশ কঠিন হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের মানসিক স্বাস্থ্যেও। অ্যামেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক জরিপে জানা গেছে, ৮৭ শতাংশ অংশগ্রহণকারী নিত্যকার জীবনের বেশির ভাগ মানসিক চাপের উৎসই হচ্ছে সাম্প্রতিক মূল্যস্ফীতি। এই মানসিক চাপ থেকে মুক্তি না পেলে দৈনন্দিন জীবন ক্রমশ হয়ে উঠবে আরও দুর্বিষহ। মনোবিদরা বলছেন, নিজের মনোযোগ কিছুটা সরিয়ে আনার মাধ্যমে মানসিক চাপ থেকে তাৎক্ষণিক মুক্তি মিলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘আমাদের আয় তো বাড়ছে না। কিন্তু ব্যয় তো বেড়েই চলেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে আমাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। নীলফামারীর এই ভদ্রলোক হয়ত প্রচণ্ডভাবে মানসিক চাপে ছিলেন। যে কারণে পুরো পরিবারকে নিয়ে মৃত্যুর কথা ভেবেছেন। অনেকে হয়ত এই অবস্থায় না গেলেও প্রচণ্ড মানসিক চাপে আছেন। এখন আমাদের ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে আমাদের ঋণ নিলে কিন্তু শোধ করতেই হয়। আমাদের দেশে তো বেকার ভাতা নেই। আমাদের স্বাস্থ্যখাতে একটা বড় খরচ চলে যায়। অথচ উন্নত দেশগুলোতে দ্রব্যমূল্য বাড়লেও স্বাভাবিক জীবনে এর খুব বেশি প্রভাব পড়ে না। কারণ স্বাস্থ্য খাতে তাদের খরচ করতে হয় না। এসব কারণে আমাদের দেশে অনেক বেশি সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। তরুণেরা বিপথগামী হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি বিপদে পড়ছে মধ্যবিত্ত শ্রেণি। কারণ তারা হাত পাততে পারে না। ফলে তাদের সঞ্চয় ভেঙে বা ঋণ করে চলতে হচ্ছে। আর সেই ঋণ শোধ করতে গিয়েই হচ্ছে সংকট।’

ফেব্রুয়ারি ০৩, ২০২৪
ওষুধের দাম কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী - image

ওষুধের দাম কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

28 ফেব্রুয়ারি 2024, 6:00 PM

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে চাই। তাই ওষুধের দাম সহজলভ্য করা দরকার। তবে দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে।’ বৃহস্পতিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুণতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে।’ ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চাই। আমি চাই, স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। তাই ঔষধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো।’

ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সরকার কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী - image

সরকার কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী

13 মার্চ 2024, 6:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।’ আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে দেওয়া গতকাল এক বাণীতে এ কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিডনি রোগে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা স্বাস্থ্য খাতে বাজেটের একটা বড় অংশ কিডনি রোগের চিকিৎসা, ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন করার ক্ষেত্রে ব্যয় করছি। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং কিডনি সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সবার জন্য-প্রয়োজন যত্ন এবং সর্বোত্তম চিকিৎসা সেবায় সকলের ন্যায় সঙ্গত অগ্রাধিকার’—যথার্থ হয়েছে বলে আমি মনে করি।” শেখ হাসিনা বলেন, ‘কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বর্তমানে সাধারণ এবং জটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই।’ ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশের স্বাস্থ্য খাতের প্রসার ও মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৯৯৮ সালে দেশের ইতিহাসে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় গবেষণা কর্মকাণ্ড সম্প্রসারিত করতে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে।’ ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার একটি গণমুখী স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এ নীতির বাস্তবায়ন করা হচ্ছে। হাসপাতালের শয্যা সংখ্যা, সাধারণ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিশেষায়িত চিকিৎসাসেবা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত রয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে ৩০ রকমের ওষুধ দেওয়া হচ্ছে। জাতিসংঘ কমিউনিটি ক্লিনিককে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা সারা দেশে নতুন নতুন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল এবং হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি।” প্রধানমন্ত্রী বিশ্ব কিডনি দিবস ২০২৪ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মার্চ ১৩, ২০২৪
footer small logo

Design & Developed by:

developed-company-logo