ATN Bangla Visitors
 | Today | 273 |  | All | 6634786 |
Who's Online
We Have 4 guests Online
|
|
বিশেষ অনুষ্ঠান

'বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম' জরিপ ২০০৯
সেরা সাংবাদিক হলেন এটিএন বাংলা'র আলমগীর স্বপন
বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম এর জরিপে ২০০৯ সালে মনোনয়নপ্রাপ্ত ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা সাংবাদিক বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা'র রিপোর্টার আলমগীর স্বপন (ঢাকা)। ঢাকার বাইরে সেরা নির্বাচিত হয়েছেন আরটিভি'র ঠাকুরগাঁও প্রতিনিধি শারমীন স্বপ্না। ২০০৯ সালের ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা সাংবাদিক আলমগীর স্বপন এর 'বই নিয়ে কৃত্তিম সংকট' (৬ পর্বের) এবং শারমীন স্বপ্না'র 'তাঁত শিল্প বিলীন হবার পথে' শিরোনামের দুটি রিপোর্ট যথাক্রমে ৭৬.৪ এবং ৪২.৪ পয়েন্ট পেয়েছে। শিগগির এই দুই সেরা সাংবাদিককে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে বলে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম সূত্রে জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি, রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিচারকদের রায়ে এ ফলাফল ঘোষণা করা হয়। ২০০৯ সালে মোট ৯ জন রিপোর্টারের ৮টি রিপোর্ট বিচারক মন্ডলী পর্যালোচনা করে নম্বর পত্রে তাদের মতামত তুলে ধরেন। বিচারক প্যানেলে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বাসস'র সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান, বিশিষ্ঠ সাংবাদিক নঈম নিজাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পথিক সাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি আখতারুজ্জামান লাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, সিনিয়র সাংবাদিক ফেরদৌস আহমেদ ভূঁইয়া, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান কাজল প্রমুখ।
|

শততম পর্বে স্বাস্থ্য-তথ্য বিষয়ক অনুষ্ঠান 'টেক কেয়ার'
৩ মার্চ এটিএন বাংলা'র স্বাস্থ্য-তথ্য বিষয়ক অনুষ্ঠান 'টেক কেয়ার' এর শততম পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রতি বুধবার সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচারিত হচ্ছে। ডাঃ অরূপ রতন চৌধুরী'র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন সিরাজুল ইসলাম। শততম পর্বে পদার্পণ উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির লেভেল-৮ এ অবস্থিত এটিএন বাংলা স্টুডিওতে এক প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ এম.পি.। এটিএন বাংলা'র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা'র প্রধান উপদেষ্টা সাইফুল বারী।
'টেক কেয়ার' মূলতঃ প্রামাণ্য প্রতিবেদনমূলক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য 'রোগ নিরাময় নয়, রোগ প্রতিরোধ'। মানব দেহের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করা হয় এ অনুষ্ঠানে। প্রতি পর্বে দেশ-বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকগণ অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকেন। স্টুডিওতে আলোচনা পর্ব ছাড়াও সরাসরি বিভিন্ন হাসপাতালে ছুটে যাচ্ছে টেক কেয়ার-এর টিম। তুলে আনছে মানুষের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার নানা দিক। এ অনুষ্ঠানের মাধ্যমে শুধু স্বাস্থ্য বা রোগ নির্ণয় নয়, রোগ প্রতিরোধের বিষয়টি উঠে আসছে।
|

অতীশ দীপংকর এবং বিশুদ্ধানন্দ স্বর্ণপদক পেলেন এটিএন বাংলা'র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান
এ বছর অতীশ দীপংকর এবং বিশুদ্ধানন্দ স্বর্ণপদক পেলেন দেশের প্রথম বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা'র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তাঁর সাথে আরো একজন পেয়েছেন এই পুরস্কার। তিনি চীনা নাগরিক চু এ চাং। মানবতাবাদ এবং সমাজ কল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। গতকাল ২৩ ফেব্রুয়ারি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ২০০১ সাল থেকে মানবতাবাদী দুই কৃতী পুরুষ অতীশ দীপংকর ও বিশুদ্ধানন্দের নামে এই পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত বাংলাদেশসহ তেরটি দেশের ৩৬ জনকে এ স্বর্ণপদক দেওয়া হয়। মানবতা এবং সমাজ কল্যাণে অবদান রাখার জন্য এ বছর ড. মাহফুজুর রহমান এবং চীনা নাগরিক চু এ চাং কে এই স্বর্ণ পদক দেয় কৃষ্টি প্রচার সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো এবং চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ামিন এর উপস্থিতিতে এ পদক তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. মাহফুজুর রহমান বলেন, 'আজ বৌদ্ধ সমপ্রদায় আমাকে যে সম্মান দিলেন, তা আমি কখনোই ভুলবোনা। জীবনে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আজকের এই সম্মান অনেক গর্বের।' বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ উল্লেখ করে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের চীনা ভাষায় গান গেয়ে শোনান কন্ঠশিল্পী ইভা রহমান। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা ও শুভ্রদেব।
|

চয়নিকা চেধুরী'র নতুন ধারাবাহিক
'কাগজের ঘর' শুরু হচ্ছে এটিএন বাংলায়
এটিএন বাংলায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'কাগজের ঘর'। নাটকটি প্রতি রবিবার রাত ৮টায় প্রচার হবে। চয়নিকা চৌধুরী'র রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করছেন- তৌকির আহমেদ, তমালিকা, অপূর্ব, বিন্দু, হিল্লোল, প্রভা, তিনি্ন, আরেফিন শুভ, শামস্ সুমন, শর্মিলী আহমেদ, মাসুদ আলী খান প্রমূখ।
'একান্নবর্তী এই পরিবারের সদস্য বাবা, মা, দুই ভাই ও এক বোন। আর একজন তরুন বয়সী কাজের মেয়ে। আট সদস্যের এই পরিবারটি বেশ স্বচ্ছল। দুই ভাইয়ের বড়টি বিবাহিত। বড় ছেলের স্ত্রী আর শিশুপুত্র আছে এই পরিবারে। বড় ছেলেটিও প্রতিষ্ঠিত। ছোট ছেলে ও মেয়ে উচ্চশিক্ষা নিচ্ছে। এমন একটি সম্ভ্রান্ত, শিক্ষিত, প্রাচুর্যময় পরিবারে সুখের স্পর্শ থাকার কথা। কিন্তু সর্বক্ষন লেগে আছে মনোমালিন্যের হাওয়া। কমবেশি সবার মনে অশান্তি। সুন্দর এক সকালে পরিবারটিতে গ্রাম থেকে এসে হাজির হয় এক যুবক। আবদুল নামের যুবকটির চেহারা সাধারন, সামান্য শিক্ষত। বাড়ির কেয়ার টেকারের চাকরী পায় সে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাড়ির সকল সদস্যের দুঃখ-কষ্ট, মান-অভিমান, রাগ ক্ষোভ কিছুদিনের মধ্যেই বিতারিত করে সে, আনন্দের ঢেউ লাগে পরিবারটিতে। একে অন্যের কাছাকাছি চলে আসে। সব অশান্তি দূর হয়ে যায়। এমন সুখি সুখি একটা পরিবেশে হঠাৎ একদিন বাড়ি থেকে দামি কিছু জিনিস হারিয়ে যায়। সবাই আবদুলকে সন্দেহ করে। তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরিবারটিতে আবার ফিরে আসে অশান্তি। আবার ডেকে আনা হয় আবদুলকে। ঘটনা মোড় নেয় নতুন দিকে।'
|
|
|
|